দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এক মা ও তার চার বছর বয়সি শিশুপুত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) বিকেলে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন ইসমত আরা (২৬) এবং তার ছেলে আবরার (৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, ইসমত আরার মরদেহ রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় এবং তার মাথায় আঘাতের স্পষ্ট চিহ্ন ছিল। ঘটনাস্থলের পাশেই একটি ইট পড়ে থাকতে দেখা গেছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা ধরনের সন্দেহের সৃষ্টি হয়েছে।
এদিকে স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন জানান, নিহত ইসমত আরা ছিলেন ডিভোর্সি। তিনি বাবার বাড়ির পাশেই একটি ঝুপড়ি ঘরে বসবাস করতেন। এ ঘটনায় তিনি বলেন, এটা আত্মহত্যা নাকি হত্যা এ বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত নারীর পিতার ভাষ্যমতে ইসমত আরা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। অতীতেও তিনি বিভিন্ন সময় নিজের মাথায় দেয়ালে আঘাত করতেন। এমনকি একবার নিজের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছিল।
তিনি আরও বলেন, এলাকাবাসী ও পরিবারের ধারণা অনুযায়ী, ইট দিয়ে নিজেই নিজের মাথায় আঘাত করে থাকতে পারেন। তবে বিষয়টি এখনো সন্দেহের বাইরে নয়। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জে আই