দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নাটকীয় ঘটনার মধ্য দিয়ে গ্রেপ্তার হয়েছেন টুঙ্গিপাড়া পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লেলিন সাহা (৩৬)। দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দেওয়ার মাত্র কয়েক ঘণ্টার মাথায় একটি বিয়ের অনুষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকার পৌর মাল্টিপারপাস মার্কেটের সামনে থেকে লেলিন সাহাকে আটক করা হয়। তিনি টুঙ্গিপাড়ার পাটগাতী গ্রামের পরিমল সাহার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি টুঙ্গিপাড়ার বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের সামনে এক আওয়ামী লীগ কর্মীকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এ সময় পুলিশের ওপর হামলা চালানো হয় এবং একটি সরকারি গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তে লেলিন সাহার জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
গ্রেপ্তার এড়াতে নানা কৌশল অবলম্বন করছিলেন লেলিন সাহা। এরই অংশ হিসেবে শনিবার দুপুর ১২টার দিকে তিনি টুঙ্গিপাড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেখানে শারীরিক অসুস্থতা ও ব্যাবসায়িক ক্ষতির কথা উল্লেখ করে যুবলীগের পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।
তবে পদত্যাগের এই ঘোষণা তাকে আইনি প্রক্রিয়া থেকে রক্ষা করতে পারেনি। সংবাদ সম্মেলন শেষ করে তিনি পৌর মাল্টিপারপাস মার্কেটে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় আগে থেকেই ওত পেতে থাকা পুলিশ সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।
টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, লেলিন সাহা গ্রেপ্তার এড়াতে বিভিন্ন মহলে আঁতাতের চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিয়ের অনুষ্ঠানস্থল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারের পর বিকেলে লেলিন সাহাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, পুলিশের ওপর হামলার ওই ঘটনায় ১০৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও প্রায় ৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছিল।
জে আই