দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজের তিনদিন পর খালের চরে পুঁতে রাখা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম ফেরদৌস মুন্সি (৩৮)। তিনি উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালি গ্রামের বাসিন্দা ও রহমান মুন্সির ছেলে।
রোববার (১১ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালি গ্রামের সাপুড়িয়া খালের পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে ফেরদৌস মুন্সি অসুস্থ বাবাকে দেখে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
রোববার সকালে স্থানীয়রা সাপুড়িয়া খালের চরে নতুন করে মাটি কাটার চিহ্ন দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা সেখানে মাটি সরিয়ে পুঁতে রাখা অবস্থায় ফেরদৌস মুন্সির মরদেহ উদ্ধার করেন। পরে পুলিশে খবর দেওয়া হয়।
উদ্ধারকৃত মরদেহের গলায় নাইলনের রশি দিয়ে ফাঁস দেওয়া ছিল। তার পরনে ছিল একটি শর্টপ্যান্ট ও একটি গেঞ্জি। এছাড়া তার বাম হাতের বৃদ্ধাঙ্গুলি কাটা অবস্থায় পাওয়া গেছে।
কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সমীর সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে ফেরদৌস মুন্সিকে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জে আই