দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সারাদেশের ন্যায় এক রাতের ব্যবধানেই এলপিজি সিলিন্ডারের দাম অস্বাভাবিক হারে বাড়ানো হচ্ছে। নতুন মূল্য আজ (৪ জানুয়ারি) বিকালে ঘোষণা করা হলেও, গতকাল রাত থেকেই কিছু ব্যবসায়ী সিলিন্ডার প্রতি শত টাকা বাড়িয়ে দেন।
দাম বৃদ্ধির গুজব এবং বাজারের অস্থিরতা প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
জানা যায়, মাগুরার দোহারপাড় এলাকায় মেসার্স জেনারেল গ্যাস হাউজ নামক ডিলার প্রতিষ্ঠানে তদারকিতে বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। খুচরা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের সরকার নির্ধারিত দাম ১২৫৩ টাকা হলেও, প্রতিষ্ঠানটি পাইকারি পর্যায়ে ১৩৩০-১৩৫০ টাকায় বিক্রি করছিল। এছাড়া, হাজারো সিলিন্ডার মজুদ রাখলেও কোনো বৈধ নথি দেখাতে পারেননি।
বিভিন্ন কোম্পানির সিলিন্ডার ওজন কম পাওয়া গেছে এবং একমাত্র অগ্নিনির্বাপক যন্ত্রটির মেয়াদ ২০২২ সালে উত্তীর্ণ হয়েছে। এসব অনিয়মের জন্য প্রতিষ্ঠানটির মালিক সৈয়দ খায়রুজ্জামানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ও ৫২ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ভবিষ্যতে এ ধরনের আইনভঙ্গ কার্যক্রম না করার জন্য সতর্ক করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, ‘সরকার নির্ধারিত মূল্যের বেশি যদি কোনো অসাধু ব্যবসায়ী মাগুরায় সিন্ডিকেটের মাধ্যমে সাধারণ ভোক্তাদের প্রতারণা করে, তাহলে জেলার প্রতিটি স্থানে অভিযান পরিচালনা করা হবে।’
তিনি ব্যবসায়ীদের সরকারের আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য অনুরোধ জানান।
অভিযানের সার্বিক সহযোগিতায় ছিলেন মাগুরা জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. রবিউল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম।
এবি/