দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়ায় ফিল্মের দৃশ্যকে হার মানানো এক নাটকীয় পুলিশি অভিযানের আট দিন পর আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত বুধবার (২৪ ডিসেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে বগুড়ার দুটি প্রতিষ্ঠানে ডাকাতির খবর পেয়ে জেলা পুলিশের একটি দল ঢাকা–রংপুর মহাসড়কে ডাকাতদলকে ধাওয়া করে। এ সময় ডাকাত চক্রটি পেশাদার কৌশলে পুলিশের পিকআপকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে এবং মহাসড়কে নানা ভেলকি দেখিয়ে পালানোর চেষ্টা চালায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ডাকাতদের লক্ষ্য করে শর্টগানের চার রাউন্ড গুলি ছোড়ে। এতে ডাকাতরা ট্রাক ফেলে রেখে মহাসড়ক সংলগ্ন অন্ধকার জঙ্গলের ভেতর পালিয়ে যায়। ওই সময় ঘটনাস্থল থেকে একটি ট্রাকসহ ডাকাতির কাজে ব্যবহৃত ৪টি শর্টগানের গুলি, ৪টি হাসুয়া, ১টি চাকু, ৫টি রশি এবং ব্যবহৃত ৪টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।
এই নাটকীয় ধাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয় শেষ পর্যন্ত ডাকাতদের কী হলো?
উদ্ধারকৃত আলামতের সূত্র ধরে তদন্ত শেষে অভিযানের নেতৃত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা মঞ্জুরের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ ইকবাল বাহারের নেতৃত্বে একটি অভিযানিক দল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্য মোদাছছের ও ইউসুফ আলীকে গ্রেপ্তার করে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে বগুড়া সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর।
তিনি জানান, কুমিল্লা অঞ্চলের এই ডাকাত চক্রটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন মহাসড়কে ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
তিনি আরও বলেন, গত ২৪ ডিসেম্বর বগুড়ার সিএনজি ফিলিং স্টেশন ও এমআর ব্রাদার্স ডিস্ট্রিবিউশন হাউজে সংঘটিত ডাকাতির ঘটনাও ছিল তাদের সুপরিকল্পিত কর্মকাণ্ডের অংশ। তবে সদর থানার এসআই জিয়াউর রহমানসহ সঙ্গীয় পুলিশ সদস্যদের সাহসী অভিযানে তাদের নিরাপদে পালানোর পরিকল্পনা ভেস্তে যায়।
পুলিশের ধারণা, এই পেশাদার ডাকাত চক্রে ১০ থেকে ১২ জন সদস্য জড়িত থাকতে পারে। পলাতক সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলন শেষে বৃহস্পতিবার দুপুরের পর গ্রেপ্তারকৃত দুই ডাকাতকে আদালতে পাঠানো হয়েছে।
জে আই