দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় নিজ বাড়িতে দুর্বৃত্তের অতর্কিত হামলায় দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
শনিবার (২৭ ডিসেম্বর) মাগরিবের আজানের পূর্ব মুহূর্তে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরীগুল গ্রামে ফরেস্ট অফিস সংলগ্ন নিহতদের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত দুই ভাই হলেন, বিওসি কেছরীগুল গ্রামের মৃত নিমার আলীর বড় ছেলে কুয়েত প্রবাসী জামাল উদ্দিন (৫৫) এবং ছোট ছেলে আব্দুল কাইয়ুম (৪৮)। জামাল উদ্দিন পেশায় প্রবাসী ছিলেন এবং তিনি প্রায় ৬ মাস আগে দেশে ফেরেন। অপরদিকে আব্দুল কাইয়ুম পেশায় একজন কৃষক।
এ হামলায় গুরুতর আহত হয়েছেন মো. জমির উদ্দিন, তিনি একই গ্রামের মৃত আব্দুস সবুরের ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, হামলার সময় দুর্বৃত্তরা আকস্মিকভাবে বাড়িতে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালায়। তবে কী কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
এদিকে স্থানীয়ভাবে জানা গেছে, আহত জমির উদ্দিন বিগত আওয়ামী লীগ সরকারের শুরুর দিকে নির্মমভাবে খুন হওয়া শিবিরকর্মী জালাল উদ্দিনের মামা। বিষয়টি তদন্তে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান খান শনিবার রাত সাড়ে ৭টার দিকে জানান, নিহত দুইজনের লাশ উদ্ধারের জন্য তিনি নিজে ঘটনাস্থলে অবস্থান করছেন। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত ও ময়নাতদন্তের প্রক্রিয়া চলমান রয়েছে।
জে আই