দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, মর্টারের শেল, হ্যান্ড গ্রেনেড ও বোমা তৈরির উপকরণ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা থেকে রাতভর এই অভিযান পরিচালনা করা হয় বলে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে নিশ্চিত করেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন।
তিনি জানান, বুধবার সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী পাহাড় এলাকায় একটি সশস্ত্র ডাকাত দল অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে অধিনায়কের নেতৃত্বে বিজিবির একটি চৌকস দল তাৎক্ষণিকভাবে তিন স্তরের কৌশলগত অবস্থান গ্রহণ করে। এর মধ্যে একটি দল সীমান্ত এলাকায়, একটি দল রঙ্গীখালী পাহাড়ি এলাকায় এবং অপর একটি দল উপকূলীয় বাহারছড়া এলাকায় অবস্থান নেয়।
লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন আরও বলেন, রাত আনুমানিক ১১টার দিকে পাহাড়ে ডাকাত দলটির অবস্থান শনাক্ত করা হয়। বিজিবি সদস্যরা এলাকাটি ঘিরে ফেললে ডাকাত দলটি বিজিবির উপস্থিতি টের পেয়ে গুলি বর্ষণ করে। আত্মরক্ষার্থে বিজিবিও পালটা গুলি চালায়। এ সময় ডাকাত দলের সদস্যরা তাদের অস্থায়ী ঘাঁটি ত্যাগ করে পার্শ্ববর্তী আরেকটি পাহাড়ে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবির টহল দল ওই অস্থায়ী ঘাঁটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে, একটি জি-৩ রাইফেল, জি-৩ রাইফেলের অংশবিশেষ ও একটি ম্যাগাজিন, চারটি ওয়ান শুটার গান, একটি এলজি শুটার গান, একটি এমএ-১ (ভ্যারিয়েন্ট এমকে-২), একটি একনলা গাদা বন্দুক (লং ব্যারেল), দুটি সিলিং, তিনটি আরজেস হ্যান্ড গ্রেনেড (লিভারসহ), একটি মর্টারের গোলা, ১৭ কেজি গান পাউডার, ১০টি হাতবোমা তৈরির উপকরণ, আটটি চাপাতি, পাঁচটি ছুরি, একটি কাঁচি এবং মোট ৩০২ রাউন্ড গুলি। এ ছাড়া বিভিন্ন অস্ত্রে ব্যবহৃত খালি খোসা উদ্ধার করা হয় ৫৪ রাউন্ড।
বিজিবি সূত্র জানায়, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত এসব অস্ত্র ব্যবহার করে সশস্ত্র ডাকাত দলটি দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।
বিজিবি আরও জানায়, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সর্বদা অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করে যাচ্ছে। গোয়েন্দা তথ্যভিত্তিক ও সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, চলতি বছরের ১ মার্চ পতাকা উত্তোলনের পর থেকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) চোরাচালান ও অপরাধ দমনে ধারাবাহিক সাফল্য অর্জন করেছে। এ সময়ে প্রায় ১১৯ কোটি ৪৬ লাখ টাকার ইয়াবা, ২৫ দশমিক ৪৬ কেজি গাঁজা, বাংলা মদ, বিয়ার ও ফেন্সিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়। পাশাপাশি ওয়ান শুটার গান, বিদেশি রিভলভার, একনলা বন্দুক, হ্যান্ড গ্রেনেড, মর্টার শেল, একে-৪৭ ও ইউজিসহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র উদ্ধার করে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
জে আই