দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী চাড়াগাঁও এলাকায় অভিযান চালিয়ে ২৪টি ইলেকট্রিক ডেটোনেটর জব্দ করা হয় বলে জানিয়েছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত ডেটোনেটরগুলো পলিথিনে মোড়ানো অবস্থায় সীমান্ত এলাকায় লুকিয়ে রাখা ছিল। এগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিস্ফোরক দ্রব্য, যা উচ্চ ক্ষমতাসম্পন্ন ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) তৈরিতে ব্যবহার করা সম্ভব।
বিজিবির প্রাথমিক ধারণা, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য এসব ডেটোনেটর অবৈধভাবে সীমান্ত পথে দেশে প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছিল।
এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অত্যন্ত শক্তিশালী এসব বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। দেশের ভেতরে অস্থিতিশীলতা সৃষ্টি করতে এগুলো আনা হয়েছিল বলে আমরা ধারণা করছি।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব না হলেও উদ্ধারকৃত বিস্ফোরক দ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
জে আই