দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠি সদরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আজ শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় ইউপি ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম মাসুম।
স্থানীয়রা জানায়, ঝালকাঠির উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি ছত্রকান্দা এলাকায় আসার পর একটি অটোরিকশাকে পাশ কাটাতে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে সড়কের পাশে থাকা একটি পুকুরে পড়ে যায়।
খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। এখন পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে ২০ জনকে। ভেতরে আরও কেউ আছে কি না তা দেখতে এখনো তল্লাশি চালানো হচ্ছে।
বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন তা জানা যায়নি। ক্রেন দিয়ে গাড়িটি তোলার চেষ্টা করছে পুলিশ।
ঝালকাঠি জেলা পুলিশ সুপার (এসপি) আফরুজুল হক টুটুল বলেন, এ পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ২০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা শঙ্কাজনক।
ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত বলেন, নিখোঁজদের উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।