দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সুনামগঞ্জের মাইজবাড়ি পূর্বপাড়ায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে পরিবহনে ব্যবহৃত ট্রলির ধাক্কায় সপ্তম শ্রেণির এক মেধাবী ছাত্র নিহত হয়েছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত স্বাধীন (১৪) মাইজবাড়ি আলহেরা মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র ও আলী হোসেনের ছেলে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, “শাহিন সিন্ডিকেট” নামের একটি চক্র দীর্ঘদিন ধরে কৃষিজমি থেকে মাটি কেটে অবৈধভাবে পরিবহন করছে। এসব ট্রলির কোনো বৈধ কাগজপত্র, রেজিস্ট্রেশন, ফিটনেস কিংবা সড়কে চলাচলের অনুমতি নেই। বেপরোয়া গতিতে চলাচলের কারণে এলাকাবাসী নিত্যদিন আতঙ্কে রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্বাধীন বিকালে মাঠ থেকে খেলাধুলা করে বাড়ি ফিরছিলেন। এ সময় দ্রুতগতির একটি অবৈধ ট্রলি তাকে চাপা দেয়। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত স্বাধীন ছিলেন আলহেরা মাদরাসার একজন মেধাবী ছাত্র। তার অকাল মৃত্যুর কারণে সহপাঠী, শিক্ষক ও এলাকার মানুষের মধ্যে গভীর শোক ও ক্ষোভ দেখা দিয়েছে।
এলাকাবাসী অভিযোগ করেছেন, শাহিন সিন্ডিকেটের অবৈধ মাটি ব্যবসার বিষয়ে তারা বহুবার প্রশাসনকে জানিয়েও কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। তারা দাবি করেছেন, এই সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে স্বাধীন আজ বেঁচে থাকত।
সুনামগঞ্জ সদর মডেল থানার এসআই হানিফ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ট্রলিটি শনাক্ত করা হয়েছে। ট্রলিটি জব্দ করে থানায় আনা হচ্ছে। তদন্তের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জে আই