দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর সেনবাগে মিজানুর রহমান আশরাফুল নামে ৬ বছরের এক শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ডেকে নিয়ে হত্যা করে ধানক্ষেতে পুতে রাখার ঘটনায় শিশুটির মায়ের পূর্বের স্বামীসহ দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২৪ নভেম্বর) বিকেলে নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. মুহাম্মদ মোরশেদ ইমতিয়াজ এ রায় ঘোষণা করেন।
একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- আলাউদ্দিন (৪০) ও আবদুল্লাহ হাসান আল মামুন (৩৫)।
নোয়াখালী জেলা জজ আদালতের পিপি অ্যডভোকেট শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার কাদরা ইউনিয়নের নজরপুর গ্রামে ২০২১ সালে ২ এপ্রিল শিশু মিজানুর রহমান আশরাফুলকে পূর্ব শত্রুতার জের ধরে শিশুর মা পান্না আকতারের পূর্বের স্বামী আলাউদ্দিন বাড়ি থেকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে ডেকে নেয়। এরপর পার্শ্ববর্তী একটি ধানক্ষেতে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে আশরাফুলের লাশ ক্ষেতের মধ্যে পুতে রাখে। ৩দিন পর এ খবর পেয়ে আশরাফুলের পিতা আবুল কাশেম গিয়ে ছেলের লাশ শনাক্ত করেন। এ ঘটনায় তিনি ৬ এপ্রিল সেনবাগ থানায় সন্দেহভাজন ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পরবর্তীতে সেনবাগ থানা পুলিশ ঘটনার ক্লু উদঘাটন করে। এ ঘটনায় অভিযুক্ত শিশুর মায়ের পূর্বের স্বামী আলাউদ্দিন ও তার সহযোগী আবদুল্লাহ হাসান আল মামুন স্বীকোরোক্তীমূলক জবানবন্দী দেওয়ায় অভিযুক্ত দুজনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়।
দীর্ঘ শুনানি শেষে নোয়াখালী জেলা ও দায়রা জজ ড. মুহাম্মদ ইমতিয়াজ মোরশেদ অভিযুক্ত ২ জনকে ৩০২ ও ৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে আলাউদ্দিন ও আবদুল্লাহ হাসান আল মামুনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং নগদ ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।
সরকার পক্ষে মামলা পরিচালনা করেন নোয়াখালী জেলা আদালতের বিজ্ঞ পিপি অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন এবং আসামি পক্ষে মামলা পরিচালনা করেন আ্যডভোকেট মীর হোসেন।
আরএ