দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশপ্রেমিক ও গুণী নাগরিকদের অবজ্ঞা ও অবমূল্যায়ন করেছে।
রোববার (২৩ নভেম্বর) বেলা ১১টায় বরিশালে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মরহুম অধ্যক্ষ মো. ইউনুস খানের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ, স্মরণসভা ও দোয়া মাহফিল শেষে তিনি এ মন্তব্য করেন।
রহমাতুল্লাহ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশের গণতন্ত্র, রাষ্ট্রের মৌলিক কাঠামো ও জাতীয় চেতনা ধ্বংস করেছে। যারা রাষ্ট্র, গণতন্ত্র ও স্বাধীনতার জন্য আজীবন সংগ্রাম করেছেন সেসব দেশপ্রেমিক শিক্ষাবিদ, সাংবাদিক, রাজনীতিবিদ ও বুদ্ধিজীবীদের বিরুদ্ধে চরিত্রহননের অপচেষ্টা চালানো হয়েছে।
তিনি আরও দাবি করেন, দেশের মানুষ কখনো দেশপ্রেমিকদের অপমান মেনে নেয়নি।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশপ্রেমিক রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের একত্রিত করে নতুন বাংলাদেশ গড়ার যে উদ্যোগ নিয়েছিলেন, তারই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন অঞ্চলের দেশপ্রেমিকরা এক হয়ে বিএনপি গড়ে তোলেন। অধ্যক্ষ মো. ইউনুস ছিলেন দক্ষিণাঞ্চলের এক শীর্ষ শিক্ষাবিদ ও রাজনীতিবিদ, যার অবদান আজও স্মরণীয় বলে উল্লেখ করেন তিনি।
আলোচনায় রহমাতুল্লাহ আরও জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে সব স্তরের দেশপ্রেমিক, গুণীজন ও বুদ্ধিজীবীদের যথাযোগ্য সম্মান দেওয়ার প্রতিশ্রুতি বহাল রাখবে।
সম্প্রতি একটি রাজনৈতিক দলের নেতাদের প্রশাসনকে দলীয় কাজে ব্যবহারের ঘোষণায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, প্রকাশ্য জনসভায় এ ধরনের ঘোষণা আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে শঙ্কা ও বিভ্রান্তি সৃষ্টি করেছে। এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা জরুরি বলেও দাবি করেন রহমাতুল্লাহ।
তিনি আরও বলেন, এ ধরনের বক্তব্য নির্বাচনী পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম-আহবায়ক তারিক সুলায়মান, যুগ্ম-আহবায়ক মিলন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন টিটু, মহানগর স্বাধীনতা ফোরামের সদস্য সচিব নাজমুস সাকিব প্রমুখ।
জে আই