দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভূমিকম্পের মতো অনিশ্চিত পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ করে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
রোববার (২৩ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলি ইউনিয়নের বাগবাড়ি চৌবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত প্লেগ্রাউন্ডের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ভূমিকম্প যেকোনো সময় হতে পারে। তাই আতঙ্ক নয় বরং সতর্কতা ও প্রস্তুতিই এখন সবচেয়ে জরুরি। বিদ্যালয়গুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা ইতোমধ্যে পাঠানো হয়েছে।
উপদেষ্টা আরও জানান, দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে বর্তমানে প্রায় ৩২ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে, যা বিদ্যালয় পরিচালনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। মামলা সংক্রান্ত জটিলতার কারণে দীর্ঘদিন ধরে পদোন্নতি আটকে থাকায় এই সংকট তৈরি হয়েছে। বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন।
তিনি বলেন, মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে। মামলার রায় হলে ৩২ হাজার সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি দেওয়া হবে। এরপর যেসব পদ শূন্য হবে, সেগুলোতে নতুন নিয়োগ দেওয়া হবে।
ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার আরও জানান, শিক্ষক সংকট দূর করতে ইতোমধ্যে বড় আকারে নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যা দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে আরও গতিশীল করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক শরীফা হক, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জে আই