দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষণার পর মনোনয়ন পরিবর্তনের দাবিতে আখাউড়ায় মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) রাতে আখাউড়া উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আখাউড়া-আগরতলা সড়কের নারায়ণপুর বাইপাস এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
দলীয় সূত্রে জানা যায়, আসনটিতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমানকে প্রাথমিকভাবে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। তবে স্থানীয় বিএনপির বড় অংশ জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভুইয়াকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে আসছে। সেই দাবির অংশ হিসেবেই বুধবার রাতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন আব্দু। বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাহার মিয়া, সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি সেলিম মিয়া, সাধারণ সম্পাদক আক্তার হোসেন খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, কবির আহমেদ ভূইয়া দলের দুর্দিনে নেতাকর্মীদের পাশে থেকেছেন। অথচ তার বদলে দেশের বাইরে থাকা একজন বয়োবৃদ্ধ ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে। এতে নেতাকর্মীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত মনোনয়ন পুনর্বিবেচনা করে কবির আহমেদ ভুইয়াকে প্রার্থী ঘোষণা না করা হলে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।
/অ