দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ন্যায্য ১০ম গ্রেড দ্রুত বাস্তবায়ন না হলে সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম (এমটিএফ)।
বুধবার (১৯ নভেম্বর) নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে আয়োজিত মানববন্ধনে এ হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে মেডিকেল টেকনোলজিস্টরা তাদের ন্যায্য অধিকার আদায়ে সংগ্রাম করে যাচ্ছেন। করোনা, ডেঙ্গু ও নিপাহ ভাইরাসসহ বিভিন্ন জনস্বাস্থ্য সংকটে জনগণের জীবন রক্ষায় তারা ছিলেন সম্মুখ সারির যোদ্ধা। অথচ এখনো তারা ন্যায্য ১০ম গ্রেড থেকে বঞ্চিত। এটি অত্যন্ত বৈষম্যমূলক ও হতাশাজনক বলেও উল্লেখ করেন তারা।
বক্তারা জানান, গত বছর বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ছাত্র সংগ্রাম পরিষদের আন্দোলনের ভিত্তিতে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের আশ্বাস দেন। সেই আশ্বাসের প্রতি সম্মান দেখিয়ে এতদিন কঠোর আন্দোলন থেকে বিরত ছিলেন টেকনোলজিস্টরা।
তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আর কোনো আশ্বাস নয়, এবার চাই সরাসরি সিদ্ধান্ত।” মানববন্ধন থেকে জাতীয় স্বাস্থ্যব্যবস্থা সচল রাখতে সরকারের প্রতি দ্রুত ন্যায্য দাবি বাস্তবায়নের জোর আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— মেডিকেল টেকনোলজিস্ট নোয়াখালী ফোরামের সভাপতি মো. এনামুল হক, সাধারণ সম্পাদক মো. মিনারুল ইসলাম, টিম রনভেরীর নোয়াখালী জেলা প্রতিনিধি আব্দুল মান্নান, শান্তনা আক্তার, সুলতানা রাজিয়া, মো. আলী জুয়েল এবং সম্মিলিত টেকনোলজিস্ট পরিষদের উপদেষ্টা মো. শাহাদাত হোসেন প্রমুখ।
আরএ