দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থেমে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ট্রাকে থাকা মালামাল পুড়ে প্রায় দুই লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গজারিয়া উপজেলার আনারপুরা বাসস্ট্যান্ড সংলগ্ন আকিজ পেপার মিলের সামনে এ ঘটনা ঘটে।
খবর নিয়ে জানা যায়, রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়া অংশের আনারপুরা বাসস্ট্যান্ড সংলগ্ন আকিজ পেপার মিলের সামনে জুটবোঝাই একটি ট্রাকে আগুন দেখতে পান স্থানীয়রা। ট্রাকটিতে কাগজের তৈরি কার্টন জাতীয় পদার্থ থাকায় আগুন দ্রুত বাড়তে থাকে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে ৪৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফিরোজ মিয়া বলেন, “রাত ৩টা ৪০ মিনিটের দিকে আমরা আগুনের খবর পাই। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে আমরা অগ্নি-নির্বাপণের কাজ শুরু করি। ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তবে সম্পূর্ণ নির্বাপণ করতে প্রায় ৪৫ মিনিটের মতো সময় লাগে। ট্রাকটিতে মূলত কাগজ তৈরি করার জন্য আনা পুরাতন কার্টন জাতীয় জিনিসপত্র ছিল। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে আমরা প্রায় ১৪ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি।”
তিনি আরও বলেন, “ঘটনার সময় ট্রাকের চালক এবং হেলপার ভেতরে ঘুমন্ত অবস্থায় ছিল। আগুন দেখে তারা লাফিয়ে নিচে নেমে যান। বাহির থেকে কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ট্রাকে আগুন লাগিয়ে দিয়েছে হয়তোবা।”
এ বিষয়ে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. শওকত হোসেন বলেন, কেউ আগুন লাগিয়ে দিয়েছে কিনা তা বলা কঠিন। এই ঘটনার পর মহাসড়কের গজারিয়া অংশে আমরা পুলিশি তৎপরতা বাড়িয়েছি।
আরএ