দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাটে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জয়পুরহাটের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব সাংবাদিকদের এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন- খুলনার রূপসা উপজেলার ইলাইপুর উত্তরপাড়া গ্রামের মজনু ফরাজির ছেলে রুবেল ফরাজী, গ্যালাক্সির মোড় এলাকার দ্বীন ইসলামের ছেলে সোহেল আবিদ, ঝালকাঠির নলছিটি উপজেলার মল্লিকবাড়ির মৃত আব্দুর রব মল্লিকের ছেলে জাহিদ হাসান এবং বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভাটরা গ্রামের শামসুদ্দীনের ছেলে কামরুল ইসলাম।
পুলিশ সুপার জানান, গত ৪ সেপ্টেম্বর জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর গ্রামে এক প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতরা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে স্বর্ণালঙ্কার ও টাকা লুট করে নেয়। একইভাবে আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ বাজার এলাকার এক ব্যবসায়ী ও কালাই উপজেলার এক শিক্ষকের বাড়িতেও ডাকাতির ঘটনা ঘটে।
ঘটনাগুলোর পর থানায় পৃথক মামলা দায়ের হলে পুলিশ ডাকাত দলটিকে ধরতে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় জয়পুরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম রাজধানী ঢাকার ডিএমপি ও সাভার থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া স্বর্ণালঙ্কার, নগদ টাকা, প্রাইভেটকার, অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য হিসেবে কাজ করছিল।
জে আই/ আরএ