দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর ধামইরহাট ও পত্নীতলা সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ১২৪ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল মাদকসহ তিন চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে বিজিবি। এ সময় দুটি মোটরসাইকেল ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বুধবার মধ্যরাতে বস্তাবর ও কালুপাড়া বিওপির সদস্যরা রূপনারায়নপুর, ঝারকুড়ি এবং মড়লই এলাকায় পৃথক তিনটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল মাদকসহ তিন চোরাকারবারীকে আটক করা হয়।
আটকরা হলেন, ধামইরহাট উপজেলার রূপনারায়নপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. জিয়ারুল হক (৪০), খাঁপুর গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে মো. রবিউল ইসলাম (৪২) এবং ননপুকুর গ্রামের মৃত আশরাফুল ইসলামের ছেলে মো. আমিনুল ইসলাম (৩৫)।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ধামইরহাট থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর—১১ ও ১২, জিডি নং—২৯৮, তারিখ—৭ নভেম্বর ২০২৫)। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ধরা হয়েছে ৩ লাখ ৮ হাজার ৬০০ টাকা।
গ্রেপ্তারকৃত আসামি ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস বলেন, নওগাঁ ও জয়পুরহাট সীমান্ত এলাকায় গরু, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার ও চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
জে আই