দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য মুগডালে ক্ষতিকারক রঙের উপস্থিতি পাওয়ায় বগুড়া শহরের চারটি ব্যবসা প্রতিষ্ঠানে মোট এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
রোববার (২ নভেম্বর) বিকেলে শহরের ডালপট্টি এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দোকানগুলোর মুগডালে ক্ষতিকারক রঙের উপস্থিতি শনাক্ত হলে তাৎক্ষণিকভাবে চারটি দোকানকে জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মেহেদী হাসান।
তিনি জানান, অভিযানে দুটি দোকানকে ৩০ হাজার টাকা করে এবং আরও দুটি দোকানকে ২০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বিক্রেতাদের সতর্ক করে দেওয়া হয়েছে এবং রঙ মিশ্রিত ডালের বস্তাগুলো রোববার সন্ধ্যার মধ্যেই দোকান থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়।
ব্যবসায়ীরা জানান, এসব ডাল তারা রাজশাহীর বানেশ্বর এলাকা থেকে পাইকারি ক্রয় করেছেন। যদি এতে রং মেশানো হয়ে থাকে, তাহলে তা আমদানিকারক বা পাইকারি বিক্রেতারা জানবেন। অভিযানের সময় ব্যবসায়ী নেতৃবৃন্দ ক্ষতিকর ডালের বস্তাগুলো একত্রিত করে সরবরাহকারীর কাছে ফেরত পাঠানোর উদ্যোগ নেন।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল বলেন, অভিযানে মুগডালে যে ক্ষতিকর রঙের উপস্থিতি পাওয়া গেছে, তা মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যারা ভোজ্য পণ্যে ভেজাল বা ক্ষতিকর উপাদান ব্যবহার করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা, জেলা পুলিশের সদস্য এবং অন্যান্য কর্মকর্তারা অংশ নেন।
জে আই