দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর সোনাইমুড়ীতে ঘুমের মধ্যে এক মাদরাসা ছাত্রকে গলাকেটে হত্যা করা হয়েছে। ঘটনার পর পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত ছাত্রকে আটক করেছে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সোনাইমুড়ী পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের বাটরা আল মাদরাসাতুল ইসলামিয়া মাখফুনুল উলুম মাদরাসার আবাসিক কক্ষে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।
নিহত ছাত্র মো. নাজিম উদ্দিন (১৩) চাষীরহাট ইউনিয়নের জাহানাবাদ গ্রামের ওবায়েদ উল্ল্যার ছেলে। অপরদিকে, আটক আবু ছায়েদ (১৬) ময়মনসিংহ জেলার টেঙ্গাপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে।
পুলিশ জানিয়েছে, নাজিম ও ছায়েদের মধ্যে ১০-১৫ দিন আগে টুপি পরাকে কেন্দ্র করে ঝগড়া হয়েছিল। মাদরাসার শিক্ষক বিষয়টি মিটমাট করলেও, এরপর ছায়েদ নাজিমের প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠে।
রোববার রাতে ১৪জন ছাত্র ও একজন শিক্ষক ঘুমিয়ে থাকার সময় ছায়েদ নাজিমকে গলাকেটে হত্যা করে। নাজিমের চিৎকারে ঘুমন্ত ছাত্র ও শিক্ষকরা ঘটনাস্থলে জেগে উঠেন।
ওসি মোহাম্মদ খোরশেদ আলম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ভোর রাতে ঘটনাস্থলে যায়। অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ সুরতহাল শেষে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জে আই