দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের পিলারের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে যায়, এ ঘটনায় নিচে থাকা শরীয়তপুরের নড়িয়া উপজেলার যুবক আবুল কালাম আজাদ (৩৬) নিহত হয়েছেন।
রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম আজাদ শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের ঈশ্বরকাঠী এলাকার মৃত আব্দুল জলিল চোকদারের ছোট ছেলে। চার ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। স্ত্রী আইরিন, চার বছর বয়সী ছেলে আব্দুল্লাহ এবং তিন বছরের মেয়ে সুরাইয়াকে নিয়ে বসবাস করতেন নারায়ণগঞ্জের পাঠানতলি এলাকায়। ঢাকায় একটি বেসরকারি ট্রাভেল এজেন্সিতে চাকরি করতেন তিনি।
পরিবার সূত্রে জানা যায়, রোববার সকাল ১১টার দিকে ভাবী আসমা বেগমের সঙ্গে শেষ কথা হয়েছিল আজাদের। তিনি বলেছিলেন, ভাবী, অল্প কিছু কাজ শেষ করে কয়েক দিনের মধ্যে বাড়ি ফিরব, দেখা হবে সবার সঙ্গে। কিন্তু সেই ফেরা আর হলো না তার।
দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে রাজধানীর ফার্মগেটে ব্যক্তিগত কাজে যাওয়ার সময় মেট্রোরেলের একটি বেয়ারিং প্যাড খুলে তার ওপর পড়ে। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে তার মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়।
খবর বাড়িতে পৌঁছাতেই শোকের মাতম নেমে আসে আজাদের গ্রামের বাড়িতে। এলাকাজুড়ে নেমে আসে নিস্তব্ধতা।
আবুল কালামের ভাবী আসমা আক্তার বলেন, সকালে ও ফোন দিয়ে বলেছিলো ভাইয়ের সাথে কথা বলবে। আমি বলেছিলাম, বাড়ি চলে আসো। সে বলেছিলো—‘ভাবী, কয়েক দিনের মধ্যেই আসব’। কয়েক ঘণ্টা পর শুনি আমার দেবর মেট্রোরেলের বেয়ারিং প্যাড পড়ে মারা গেছে। আমাদের সংসারের হাল ওই ধরেছিলো। ও আর ফিরে আসবে না। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায্য বিচার চাই। তার সন্তানরা যাতে ভালোভাবে বাঁচতে পারে, সরকার যেন সেই ব্যবস্থা করে।
নিহতের চাচাতো ভাই আব্দুল গণি মিয়া চোকদার বলেন, আজাদ খুব পরিশ্রমী ছেলে ছিলো। ছোটবেলা থেকেই সংসারের হাল ধরেছে। ওর এমন মৃত্যু মেনে নেওয়া যাচ্ছে না। শুনেছি ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। কিন্তু এই সামান্য টাকায় কি পরিবার চলবে? আমরা চাই, সরকারের পক্ষ থেকে আজাদের স্ত্রী ও সন্তানদের দীর্ঘমেয়াদি সহায়তা দেওয়া হোক।
এ বিষয়ে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাইয়ুম খান বলেন, আমরা খবর পেয়েছি, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। সরকারি নির্দেশনা অনুযায়ী নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।
জে আই