দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধার সাদুল্লাপুরে অনলাইন ক্যাসিনো ডিলার মহন্ত চন্দ্র (২৫) ও ভুয়া ডিবি সোর্স পরিচয় দেওয়া লেবু মিয়া (২৫) নামে দুই যুবককে আটক করার পর মধ্যরাতে পুলিশ ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় একজনের ৯৯৯–এ ফোনের পর পুলিশ তাদের থানায় নিয়ে গিয়েও কোনো মামলা না করে ছেড়ে দেয়।
স্থানীয়দের অভিযোগ, বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে ক্যাসিনো সিন্ডিকেটের সদস্য ফিরোজ মিয়াকে হাতেনাতে ধরে মোবাইল জব্দ করা হলেও তাকে আটক করা হয়নি। পরে মোবাইল ফেরত দেয়ার বিনিময়ে টাকা নেওয়ার কথাও জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন ক্যাসিনো জুয়ার সঙ্গে জড়িত মহন্ত ও লেবু অর্থ লেনদেন নিয়ে বিবাদে জড়ায়। লেবু নিজেকে ভুয়া ডিবি সোর্স পরিচয় দিয়ে মহন্তকে ডেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয়দের মাধ্যমে লেবুর প্রতারণার তথ্য ৯৯৯–এ জানানো হলে পুলিশ এসে দুজনকে থানায় নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওসি তাজ উদ্দিনের কক্ষে জবানবন্দি নেওয়ার পর মধ্যরাতে তারা ছেড়ে দেওয়া হয়। স্থানীয়রা মনে করছেন, রাজনৈতিক প্রভাব ও আর্থিক লেনদেনের মাধ্যমে তাদের মুক্তি দেওয়া হয়েছে।
এ বিষয়ে থানার দায়িত্বে থাকা এসআই এরশাদ আলী স্বীকার করেছেন, ‘যুবককে আটক না করা আমার ভুল ছিল। মোবাইলটি ওসি স্যারের কাছে দিয়েছি; পরে কী হয়েছে জানি না।’ পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলাকে বিষয়টি জানালে তিনি ঘটনার খতিয়ান নেওয়ার আশ্বাস দিয়েছেন।
এ ঘটনার পর সাদুল্লাপুরে পুলিশ প্রশাসনের প্রতি ক্ষোভ ও প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, থানার একাংশ দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া, মাদক ও সুদ ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায় করছে এবং প্রভাব খাটিয়ে আটক ব্যক্তিদের ছেড়ে দিচ্ছে। সচেতন মহল ঘটনার নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
এমএস/