দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীতে চাঁদাবাজির মামলায় আবদুল কাদের জসিম নামে এক বিএনপি নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। এ সময় আসামির অনুসারীরা বাদীপক্ষের আইনজীবীর ওপর হামলার চেষ্টা ও সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা দেয়।
মঙ্গলবার (১৪ অক্টোবর) জেলা ও দায়রা জজ ড. মোরশেদ ইমতিয়াজের আদালতে জামিন শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়।
আদালত প্রাঙ্গণে বাদীপক্ষের আইনজীবী মো. বোরহান উদ্দিন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, তখন আসামির অনুসারীরা তার ওপর চড়াও হয়। এতে সাংবাদিকদের কাজেও বাধা সৃষ্টি হয়।
আইনজীবী বোরহান উদ্দিন বলেন, আসামির জামিন নামঞ্জুর হওয়ায় তার অনুসারীরা ক্ষিপ্ত হয়ে আমার ওপর হামলার চেষ্টা করে। তারা সাংবাদিকদেরও ভয়ভীতি দেখায়।
মামলার সূত্রে জানা যায়, সৌদি প্রবাসী মহিউদ্দিন নামে এক ব্যক্তি গত বছরের আগস্টে কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের সাবেক বিএনপি সাধারণ সম্পাদক আবদুল কাদের জসিমের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন। অভিযোগে বলা হয়, প্রভাব খাটিয়ে জসিম ১ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং পরে ২০ হাজার টাকা জোর করে আদায় করেন। ঘটনাটির ভিডিওও ধারণ করা হয়।
পরে প্রবাসী পরিবারকে আরও টাকা দিতে চাপ দিলে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জসিমকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়, যদিও পরে জেলা বিএনপি ওই সিদ্ধান্ত প্রত্যাহার করে।
পিবিআই তদন্তে জসিম ও তার সহযোগীদের চাঁদাবাজি ও হুমকির প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোহাম্মদ জোবাইর সৈয়দ।
ভুক্তভোগীর ভাই এডভোকেট জামাল উদ্দিন জানান, আসামি কারাগারে থেকেও অনুসারীদের দিয়ে মামলা তুলে নেওয়ার জন্য তাদের পরিবারকে হুমকি দিচ্ছে। এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো বলেন, স্থানীয় নেতাদের অনুরোধে জসিমের অব্যাহতি প্রত্যাহার করা হয়েছিল। তবে আদালত যদি তাকে কারাগারে পাঠিয়ে থাকে, আমরা বিষয়টি খতিয়ে দেখবো।
এমএস/