দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের লক্ষী পূজার মেলায় ঘুরতে গিয়ে ছুরিকাঘাতে আব্দুল্লাহ ওরফে রাব্বি (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রাব্বি ভট্টি কাফাটিয়া (খালপাড়) এলাকার সৌদি আরব প্রবাসী মোহাম্মদ মানিক মিয়ার ছেলে। সে কাফাটিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মানবিক বিভাগের ছাত্র ছিল। দুই ভাইয়ের মধ্যে রাব্বি বড় এবং ছোট ভাই আবির (৭) মাদরাসায় পড়েন।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় রাব্বি একা মেলায় ঘুরতে যায়। মেলা প্রাঙ্গণে প্রবেশের কিছুক্ষণ পরই দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে হামলা চালায়। তারা রাব্বির বাম পাজরে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় মেলা কমিটির সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় সেলিম মিয়ার অটোরিকশায় করে প্রথমে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। রাত পৌনে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন।
নিহতের মামা হালিম মিয়া জানান, রাব্বিকে হাসপাতালে নেওয়ার পরও আমরা আশা করছিলাম সে বাঁচবে, কিন্তু শেষ পর্যন্ত তাকে হারাতে হলো। কেন বা কারা এমন কাজ করল, আমরা কিছুই জানি না।
খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানুল্লাহ বলেন, ঘটনার পর থেকেই আমরা তদন্ত শুরু করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধ বা ব্যক্তিগত শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
স্থানীয়দের মধ্যে এই হত্যাকাণ্ডে চরম উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। তারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
/অ