দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়ন পরিষদের ফ্ল্যাগস্ট্যান্ডে জাতীয় পতাকার পরিবর্তে জুতা উত্তোলনের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর অভিযুক্ত এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (১১ অক্টোবর) বিকেলে ভিডিও বিশ্লেষণ করে সুন্দরগঞ্জ থানা পুলিশ ওই যুবককে শনাক্ত করে আটক করে।
আটক যুবকের নাম মারুফ হাসান মিরাজ (১৮)। তিনি উপজেলার রামভদ্র গ্রামের ফুল মিয়ার ছেলে এবং স্থানীয় বামনডাঙ্গা আব্দুল হক কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
ভিডিওটিতে দেখা যায়, এক যুবক জাতীয় পতাকা স্থাপনের ফ্ল্যাগস্ট্যান্ডে সুতা বেঁধে জুতা ওপরে তুলছেন। পাশে আরও কয়েকজন দাঁড়িয়ে বিষয়টি উপভোগ করছেন এবং পেছনে জাতীয় সংগীত বাজানো হচ্ছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, ভিডিও দেখে আমরা অভিযুক্তকে শনাক্ত করে আটক করেছি। কেন এবং কী উদ্দেশ্যে তিনি এমন কাজ করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ঘটনাটি নিয়ে সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে তিনি নিজের ফেসবুক পেজে লিখেছেন, কাউকে ছাড় দেওয়া হবে না, দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনা হচ্ছে। ভিডিওটি ফেসবুকে পোস্ট করা থেকে সবাই বিরত থাকুন।
স্থানীয় সচেতন মহল মনে করছে, জাতীয় পতাকার প্রতি এমন আচরণ দেশের মর্যাদার প্রতি অবমাননা। তারা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি ও প্ররোচনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
/অ