দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইল সদর উপজেলায় আমিনুর বিশ্বাস আলিফ (১৫) নামে এক ইজিভ্যান চালক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মিনারুল ইসলাম নামে একজনকে আটক করেছে নড়াইল সদর থানা পুলিশ।
রোববার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার তুলরামপুর ইউনিয়নের দেবভোগ গ্রামের একটি পুকুরের কচুরিপানার নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আমিনুর বিশ্বাস আলিফ উপজেলার তুলরামপুর ইউনিয়নের ছোট মিতনা গ্রামের কিনায়েত বিশ্বাসের ছেলে। তিনি পেশায় ইজিভ্যান চালক ছিলেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে ইজিভ্যানসহ নিখোঁজ হন আমিনুর। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরবর্তীতে রোববার সকালে আমিনুরের মা রোজিনা বেগম নড়াইল সদর থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন।
জিডির পরপরই পুলিশ তদন্ত শুরু করে এবং সন্দেহভাজন হিসেবে চাচড়া গ্রামের বাহারুল ইসলামের ছেলে মিনারুল ইসলামকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিনারুল জানায়, ইজিভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে স্পিডের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে আমিনুরকে অচেতন করে হত্যা করে এবং দেবভোগ গ্রামের একটি পুকুরের কচুরিপানার মধ্যে মরদেহ ফেলে দেয়।
এরপর পুলিশ মিনারুলকে সঙ্গে নিয়ে তার দেখানো স্থানে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে নিহতের ব্যবহৃত ইজিভ্যানটি এখনো নিখোঁজ রয়েছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, জিডি করার পরপরই আমরা তদন্ত শুরু করি। একপর্যায়ে আটক মিনারুল হত্যার বিষয়টি স্বীকার করে এবং তার তথ্য অনুযায়ী মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।
/অ