দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকায় একটি আবাসিক মাদরাসা থেকে পালানোর চেষ্টা করতে গিয়ে এসির আউটডোরে আটকা পড়ে ১০ বছর বয়সী এক ছাত্র।
রোববার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে টোরাগড় এলাকার আল ইহসান মাদরাসার পাঁচতলা ভবনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সহপাঠীরা জানান, মাদরাসাটিতে শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করে। প্রতিদিনের মতো সকাল ৯টার দিকে শিক্ষার্থীরা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। তখন কীভাবে রায়হান ভবনের ওই স্থানে চলে যায়, তা কেউ বলতে পারেনি।
মাদরাসার শিক্ষকরা শিশুটিকে নিচে নামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ছাদ থেকে দড়ি বেঁধে নিচে নেমে শিশুটিকে নিরাপদে উদ্ধার করেন।
শিশু রায়হানের মা মাহমুদা বেগম জানান, তার ছেলে পবিত্র কোরআন মাজিদের ১৮ পারার হাফেজ। এর আগেও অন্য এক মাদরাসা থেকে পালানোর চেষ্টা করেছিল সে। আজও একইভাবে পালাতে গিয়ে এসির আউটডোরে আটকে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে মাদরাসা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
আল ইহসান মাদরাসার মুহতামিম (প্রধান শিক্ষক) হাফেজ মাওলানা মো. আরিফ হোসেন জানান, রায়হানকে মাত্র দুই দিন আগে হিফজ বিভাগে ভর্তি করা হয়। সে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু নিচে নামতে না পেরে এসির আউটডোরে আটকে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাকে উদ্ধার করেন।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. বাহার উদ্দিন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করি এবং পরে তাকে তার মা ও মাদরাসার শিক্ষকদের কাছে হস্তান্তর করি।
তবে শিশুটি কীভাবে ভবনের ওই অংশে গিয়ে আটকা পড়েছিল, সে বিষয়ে কেউ নিশ্চিতভাবে কিছু বলতে পারেনি।
/অ