দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশাল শহরে ভয়ংকর এক অপরাধ কৌশলের খপ্পরে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী ও চিকিৎসক মোসা. তাহমিনা বেগম। ধান গবেষণা রোড এলাকায় চলাচলের সময় হঠাৎ মাথা ঘোরায় অচেতন হয়ে পড়েন তিনি। কিছুক্ষণ পর চেতনা ফিরলে দেখেন, গলার চেইন, হাতের আংটি ও নগদ ২০ হাজার টাকা উধাও।
তাহমিনা অভিযোগ করেন, অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত কেমিক্যাল ব্যবহার করে সর্বস্ব লুটে নিয়েছে।
তাহমিনা বেগম বলেন, আমি প্রতিদিন মানুষের জীবন বাঁচানোর কাজ করি। অথচ আজ নিজেই জীবনের ঝুঁকিতে পড়লাম। অর্থ-স্বর্ণালংকার হারানো দুঃখের হলেও, তার চেয়ে বড় দুঃখ আমার পরিবার এখন আতঙ্কে দিন কাটাচ্ছে।
চিকিৎসা বিশেষজ্ঞরা জানিয়েছেন, ‘শয়তানের নিঃশ্বাস’ আসলে স্কোপোলামিন নামের রাসায়নিক পদার্থ। সীমিত মাত্রায় এটি ওষুধ হিসেবে ব্যবহার হয়, তবে অপরাধীরা অপব্যবহার করে মুহূর্তেই মানুষকে অচেতন করছে। অনেক ক্ষেত্রে ভুক্তভোগীরা কিছুই মনে রাখতে পারেন না, ফলে অভিযোগ প্রমাণ করাও কঠিন হয়ে পড়ে।
বরিশালের চিকিৎসক ডা. তানভীর আহমেদ বলেন, “শহরে অপরাধীরা নতুন কৌশলে সক্রিয় হয়েছে। টহল ও নজরদারি দুর্বল হওয়ায় এ ধরনের ঘটনার সুযোগ পাচ্ছে চক্রগুলো।”
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) বরিশাল জেলা ও মহানগরের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জিএম রাব্বি বলেন, “এই চক্রকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে প্রচারণা জরুরি। প্রয়োজনে ভুক্তভোগীদের সহায়তায় বিশেষ সেল গঠন করা উচিত।”
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, নগরবাসীকে সতর্ক করতে সোমবার থেকে মাইকিং শুরু হবে।
তিনি বলেন, যে কোনো ভুক্তভোগী দ্রুত অভিযোগ জানালে পুলিশ ব্যবস্থা নেবে।
এই ঘটনায় নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষের দাবি অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিয়ে ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহারকারী অপরাধচক্রকে গ্রেপ্তার করতে হবে।
জে আই