দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামে আন্দরকিল্লার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে গত ৪ দিন ধরে বন্ধ রয়েছে এক্স-রে। এ সেবার মূল উপকরণ ‘ফিল্ম’ না থাকায় এক্স-রে করা যাচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতে চট্টগ্রামের দ্বিতীয় বৃহৎ সরকারি এই হাসপাতালটিতে রোগীদের ভোগান্তি বেড়েছে। বাইরে থেকে বেশি খরচে এক্স-রে করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের।
অভিযোগ রয়েছে, অব্যবস্থাপনার কারণে বিগত অর্থবছরে (২০২২-২০২৩) এক্স-রে ফিল্ম কেনার বরাদ্দকৃত অর্থ ফেরত গেছে। এতে যথাসময়ে ফিল্ম কিনতে পারেনি প্রতিষ্ঠানটি।
সূত্রে জানা গেছে, আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে প্রতিদিন বহির্বিভাগে এক হাজারের মতো রোগী আসে। হাসপাতালটিতে প্রতিদিন গড়ে ১৮০ থেকে ২২০ জন রোগী ভর্তি থেকে চিকিৎসা নেয়। এতে প্রতিদিন প্রায় শতাধিক রোগীর নানা বিষয়ে এক্স-রে করতে হয়। গত রোববার থেকে হাসপতালে চিকিৎসা নিতে আসা রোগীরা এক্স-রে করতে পারছেন না।
এ বিষয়ে হাসপাতালের রেডিওলজিস্ট লেয়াকত আলী বলেন, চলতি সপ্তাহে এক্স-রে বন্ধ রয়েছে। ফিল্ম সংকটের কারণে এক্স-রে করা যাচ্ছে না। বৃহস্পতিবার ফিল্ম পাওয়া যেতে পারে।
এদিকে অভিযোগ উঠেছে, হাসপাতালটিতে দীর্ঘদিন ধরে নানান অব্যবস্থাপনা চলছে। বিশেষত ২০২২-২০২৩ অর্থবছরে এক্স-রে ফিল্ম কেনার বরাদ্দ থাকলেও নির্ধারিত সময়ে ফিল্ম কিনতে না পারায় বরাদ্দকৃত প্রায় সব টাকা ফেরত গেছে।
এ বিষয়ে আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ ফজলে রাব্বি বলেন, বিগত অর্থবছরে যে দামে ফিল্ম কেনার বরাদ্দ ছিল, সে দামে ফিল্ম কেনা সম্ভব হয়নি। বরাদ্দের কিছু টাকা ফেরত গেছে। এখন দুইদিন ছোট ফিল্ম ছিল, কিন্তু বড় ফিল্ম ছিল না। ফিল্মের অভাবে হাসপাতালে এক্স-রে হয়নি। বৃহস্পতিবার থেকে চালু হবে। ফিল্ম কুরিয়ারে আসছে।