দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুরের জাজিরায় অটোভ্যান চালক রমজান মোল্লাকে চোখ উপড়ে আগুনে পুড়িয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টার মামলার প্রধান আসামি সুমন শিকদার (২৫) ওরফে মাদক সম্রাট সুমকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর বল্লালবাড়ি এলাকা থেকে র্যাব-৮ মাদারীপুর ও র্যাব-১১ নারায়ণগঞ্জের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত সুমন জাজিরা উপজেলার আলিমুদ্দিন শিকদারের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে গত ৬ সেপ্টেম্বর সকালে সুমন রমজানকে ফোনে ডেকে নিয়ে যায়। পরে সহযোগিদের সঙ্গে পরিকল্পিতভাবে মহর আলী শিকদার কান্দির একটি বাঁশবাগানে তাকে আটকে ভয়াবহ নির্যাতন চালানো হয়। এসময় স্ক্রু-ড্রাইভার দিয়ে তার দুটি চোখ উপড়ে ফেলা হয়। এছাড়া শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়।
এ ঘটনায় রমজানের স্ত্রী ইসমোতারা বাদী হয়ে পদ্মা সেতু দক্ষিণ থানায় মামলা করেন। ঘটনার নৃশংস ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়।
র্যাব-৮ সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন বলেন, মামলার প্রধান আসামি সুমনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনাটি নৃশংস ও মানবতাবিরোধী উল্লেখ করে তিনি জানান, জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
এমএস/আরএ