দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাগেরহাটে নতুন সংসদীয় আসন বিভাজন নিয়ে আন্দোলনের কারণে পিরোজপুর থেকে ঢাকা ও খুলনামুখী সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
বুধবার সকাল থেকে ৪৮ ঘণ্টার সড়ক অবরোধ শুরু হলেও পরে সময় বাড়িয়ে শুক্রবার সকাল থেকে আবারও ৭২ ঘণ্টার অবরোধ ঘোষণা করা হয়। এতে বিশেষ করে বাগেরহাটের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
বাস মালিক সমিতি জানিয়েছে, সরকার ঘোষিত আসন বিভাজনের প্রতিবাদে স্থানীয়রা এ অবরোধ ডেকেছে। এতে চিকিৎসা নিতে খুলনা যাওয়া রোগীসহ সাতক্ষীরা, যশোর ও ঢাকামুখী যাত্রীরা বিপাকে পড়েছেন। অনেকেই বিকল্প হিসেবে মোটরসাইকেল, সিএনজি ও ব্যাটারিচালিত যানবাহন ব্যবহার করছেন—যা ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ।
একজন যাত্রী সোবাহান শেখের স্ত্রী বলেন, 'আমার স্বামী স্ট্রোকের রোগী। খুলনা নিয়ে যেতে না পেরে মারাত্মক সমস্যায় পড়েছি। এত খরচ করার সামর্থ্যও নেই।'
ঢাকাগামী যাত্রী শাহরিয়ার আলম বলেন, 'অফিসের কাজে ঢাকায় যেতে হবে, কিন্তু পরিবহন না থাকায় বিপাকে পড়েছি। দ্রুত সমাধান প্রয়োজন।'
অবরোধের কারণে শুধু যাত্রীরাই নয়, পরিবহন শ্রমিক ও মালিকরাও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। পিরোজপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী আসাদুজ্জামান বলেন, 'অবরোধে হাজারো শ্রমিক বেকার হয়ে গেছে। দ্রুত সমস্যা সমাধান না হলে বাস মালিকদেরও বড় ক্ষতি হবে।'
সংসদীয় আসন বিভাজন নিয়ে স্থানীয় অসন্তোষ চরমে পৌঁছেছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে যাত্রীদের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
এমএস/