দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অভাব-অনটনের সংসার থেকে প্রতিবেশীর সঙ্গে কাজে গিয়ে হারিয়ে গিয়েছিল মাত্র ৯ বছরের শিশু সাইফুল ইসলাম। দীর্ঘ ২৮ বছর পর সেই সাইফুল ফিরেছে বাবা-মায়ের বুকে।
শনিবার (৩০ আগস্ট) সকালে চট্টগ্রাম থেকে বড় ভাইয়ের সঙ্গে নিজ গ্রামের বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নেফরা গ্রামে ফিরে আসে সাইফুল। তাকে দেখতে শত শত মানুষ ভিড় জমায় তাদের বাড়িতে।
সাইফুল ১৯৯৭ সালে পাশের গ্রামের এক নারীর সঙ্গে চট্টগ্রামে কাজে যাওয়ার পথে ট্রেন থেকে নেমে পড়ে। পরে ট্রেনে উঠতে না পারায় হারিয়ে যায় সে। এরপর আশ্রয় নেয় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি রেলস্টেশনের এক চায়ের দোকানে। সেখানেই কেটে যায় তার ২৮ বছর।
গত সপ্তাহে গ্রামের এক ব্যক্তির সঙ্গে আলাপে নিজের বাবা-মা ও গ্রামের নাম বলতে পারলেও জেলা-উপজেলার নাম মনে করতে পারেনি সাইফুল। সেখান থেকেই তার পরিবারের খোঁজ মেলে। পরে বড় ভাই মাহফুজুর রহমান চট্টগ্রাম গিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাকে বাড়ি নিয়ে আসেন।
সাইফুলের বড় ভাই মাহফুজুর রহমান বলেছেন, এতোদিন পরে ভাইকে ফেরত পাওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।
বাবা আব্দুল লতিফ বলেন, 'ছেলেকে দেখে আমি চিনতে পেরেছি। তার জন্য অনেক কেঁদেছি, নামাজ পড়েছি। আজ তাকে ফিরে পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।'
মা আমেনা বেগমের আবেগঘন প্রতিক্রিয়া, 'সংসারে অভাবের কারণে কাজের জন্য ছেলেকে পাঠিয়েছিলাম। সেদিনের পর আর তাকে পাইনি। ছেলের জন্য কত কেঁদেছি! আজ তাকে ফিরে পেয়ে বুক ভরে গেছে।'
স্থানীয় সাবেক ইউপি সদস্য আবুল কাশেম বলেন, 'সাইফুলকে হারিয়ে পরিবারটি দিশেহারা হয়েছিল। এখন দীর্ঘদিন পর তাকে ফিরে পেয়ে তারা আনন্দিত। তবে পরিবারটি খুবই অসহায়, সরকারি-বেসরকারি সহায়তা প্রয়োজন।'
উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা বলেন, '২৮ বছর পর সন্তানকে ফিরে পাওয়া সত্যিই আনন্দের খবর। সাইফুলের জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় সব সহযোগিতা দেওয়া হবে।'
এমএস/