দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরের অভয়নগরের নওয়াপাড়া পৌর বিএনপির সাবেক আলোচিত নেতা আসাদুজ্জামান জনিকে ৪ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে আটক করেছে যৌথবাহিনী। বুধবার (১৩ আগস্ট ) রাতে খুলনায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জনির বিরুদ্ধে নওয়াপাড়ার জাফ্রিদী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শাহনেওয়াজ কবীর টিপুকে অপহরণ করে বালুর মধ্যে পুতে নির্মম নির্যাতন ও চার কোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম।
পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে জনি পলাতক ছিল। গত বছরের জুলাই মাসে নওয়াপাড়ার এক ব্যবসায়ীর স্ত্রী আসমা খাতুন অভিযোগ করেন, অস্ত্রের মুখে জিম্মি করে তার স্বামীকে অপহরণ করে জনি। চাঁদা না দিলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। এরপর তাকে বালুতে বুক পর্যন্ত পুঁতে রেখে কয়েক দফায় ৪ কোটি টাকা চাঁদা আদায় করে।
ওই ঘটনায় চলতি বছরের ৩ আগস্ট ব্যবসায়ী শাহনেওয়াজ কবীর টিপুর স্ত্রী আসমা খাতুন বাদী হয়ে বিএনপি নেতা জনিসহ ছয়জনের নামে অভয়নগর থানায় মামলা করেন।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম বলেন, দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল মঙ্গলবার রাতে খুলনায় অভিযান পরিচালনা জরে জনিকে আটক করে। তাকে অভয়নগর থানায় আনা হয়েছে জিজ্ঞাসাবাদ চলছে। এছাড়াও তার বিরুদ্ধে আরও কিছু মাদক ও চাঁদাবাজির অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০২৪ সালের ২১ নভেম্বর নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনির পদ স্থগিত করে জেলা বিএনপি।
এফএইচ/