দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহার হিসেবে ৯৮০ কেজি আনারস পাঠিয়েছেন। শনিবার (৮ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আনারসগুলো হস্তান্তর করা হয়। ১০০টি কার্টনে ভরা ত্রিপুরার বিখ্যাত 'কিউ' জাতের আনারসগুলো গ্রহণ করেন চট্টগ্রামস্থ ভারতের সহকারী হাইকমিশনের প্রতিনিধি নবুল সানোয়াল। তার কাছে আনারস হস্তান্তর করেন ত্রিপুরা হর্টিকালচারের পরিচালক ড. ফনি ভূষণ জমাতিয়া।
আনারস হস্তান্তর শেষে ফনি ভূষণ জমাতিয়া সাংবাদিকদের জানান, কিউ জাতের আনারস খুবই সুস্বাদু এবং রসালো। এই শুভেচ্ছা উপহারের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশের জন্য সুভ্রাতৃত্বের আবেদন যাচ্ছে।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহারস্বরূপ আনারস পাঠালেন। এর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠিয়েছিলেন। ফলের এই আদান-প্রদানের মাধ্যমে দুই দেশের মধ্যে সম্প্রীতি আরও বাড়বে বলে মনে করছেন সুধীজনেরা।
আনারসগুলো হস্তান্তরের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা স্থলবন্দরের ব্যবস্থাপক দেবাশীষ নন্দী, আখাউড়া স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন ও আখাউড়া বিজিবির আইসিপি কমান্ডার হাবিলদার মো. শাহ আলম প্রমুখ।
এর আগে গত ১৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার জন্য উপহার হিসেবে বাংলাদেশের ৫০০ কেজি সুস্বাদু হিমসাগর আম পাঠিয়েছিলেন।