দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুরাদনগরের হাটাশ শ্যামা কালী মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার রাতের অন্ধকারে দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়।
মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন মুরাদনগরের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ। তারা এই হামলার নিন্দা জানিয়ে অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে পুলিশ সাইফুল (২৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লার মুরাদনগর উপজেলার পূর্বধৈইর পশ্চিম ইউনিয়নের হাটাশ গ্রামে অবস্থিত কালী মন্দিরে সোমবার রাতে দুর্বৃত্তরা হামলা চালায়। তারা মন্দিরের একটি দেয়ালের রেলিং ভেঙে মন্দিরে প্রবেশ করে। এর পর কালী মূর্তির কাপড় খুলে বাইরে ফেলে দেয় এবং মন্দির ও নাটমন্দিরের বিভিন্ন ছবি ভাংচুর করে।
এ সময় দুর্বৃত্তরা নাটমন্দিরের মাঝখানে 'মলত্যাগ' করে পালিয়ে যায়।
মন্দিরের পুরোহিত শংকর দেবনাথ ও প্রতিবেশী উত্তম দেবনাথ বলেন, "রাত ৪টার দিকে মন্দিরে ভাংচুর হচ্ছে এমনটা আঁচ করতে পেরে আমরা মন্দিরে এসে দেখি, দুর্বৃত্তরা মন্দির ও নাটমন্দিরে ব্যাপক ভাংচুর করে পালিয়ে যাচ্ছে। পালানোর সময় আমরা সাইফুল নামে একজনকে ধরে ফেলি।"
এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়। মন্দিরের সেক্রেটারি মনু দেবনাথ বলেন, "ঘটনার পর স্থানীয় হিন্দুদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়। পরে আমি বাদী হয়ে বাঙ্গরা থানায় মামলা করেছি।"
কুমিল্লা ও মুরাদনগরের হিন্দু নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে জঘন্য ঘটনার নিন্দা জানান এবং দোষীদের কঠোর শাস্তির দাবি করেন।
মুরাদনগর থানার ওসি মাহফুজুর রহমান জানান, "ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ইতিমধ্যে সাইফুল নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।"
এফএইচ/