দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুর সদর উপজেলায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অসুস্থ অবস্থায় শনিবার (২ আগস্ট) ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শরীয়তপুর সদরের পালং মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন শিশুটির বাবা।
মামলা অনুযায়ী, ঘটনাটি ঘটেছে সদর উপজেলার চিকন্দি ইউনিয়নের একটি গ্রামে। এ ঘটনায় অভিযুক্ত জামাল মাদবর (৪০) নামের এক অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার জামাল মাদবর সদর উপজেলার চিকন্দি ইউনিয়নের বড় সন্দীপ এলাকার জাব্বার মাদবরের ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিশুটি নানা বাড়ির কাছে একটি দোকানে চকলেট ও বিস্কুট কিনতে যায়। দোকান বন্ধ থাকায় সেখানে থাকা অভিযুক্ত জামাল মাদবর শিশুটিকে আত্মীয় পরিচয় দিয়ে বিস্কুট চকলেট খাওয়ানোর কথা বলে তার বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করে। চিৎকার করলে মেয়েটিকে বুঝিয়ে তার নানা বাড়ির কাছে এনে ছেড়ে দিয়ে যায় অভিযুক্ত জামালের মা । বাড়ি ফেরার পর মেয়েটির শরীরে রক্ত দেখতে পায় শিশুটির মা। এরপর ধর্ষণের ঘটনাটি মায়ের কাছে খুলে বলে শিশুটি।
শিশুটির বাবা জানান, তার মেয়ে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণিতে পড়ে। বিস্কুট চকলেট খাওয়ার কথা বলে বাড়িতে নিয়ে মেয়ের সঙ্গে খারাপ কাজ করেছে জামাল মাদবর। যখন মেয়েটি কান্না করছিল আর শরীর থেকে রক্ত ঝরছিল, তখন মেয়ের মা মেয়েটিকে জিজ্ঞেস করে কি হয়েছে? পরে মেয়ে সবকিছু খুলে বলে। মেয়েটি অসুস্থ হয়ে পরলে রাতেই স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সদর হাসপাতালে ভালো চিকিৎসা নেই, তাই উন্নত চিকিৎসার জন্য শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। আমার মেয়েকে অনেক কষ্ট দিয়েছে জামাল মাদবর। তার সর্বোচ্চ বিচার দাবি করছি।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ৩০ জুলাই শিশুটির বাবা বাদী হয়ে একটি মামলা করেছেন। পরে সদর উপজেলার টাউন চিকন্দি বাজার থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
/অ