দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় কংস নদে নৌকাডুবির ঘটনার ১১ ঘণ্টা পর মাহাবুব আলম (১১) নামে এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনায় আরও দুইজন নিখোঁজ আছেন।
বৃহস্পতিবার (৬ জুলাই) ভোর ৫টার দিকে নদের কৈলাটি এলাকায় জেলেদের জালে মরদেহটি আটকা পড়ে।
মাহাবুব দুর্গাপুর উপজেলার কৈলাটি গ্রামের মাজহারুল ইসলাম রেনুর ছেলে। সে পূর্বধলার কালডোয়ার সচিববাড়ি সংলগ্ন একটি কওমি মাদরাসার ছাত্র ছিল।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৬টার দিকে পূর্বধলার জামধলা বাজারের গোদারাঘাট থেকে নৌকার মাঝি রঙ্গুলাল ১০/১৫ জন যাত্রী নিয়ে নদীর ওপাড়ে দুর্গাপুর উপজেলার মুচারবাড়ি ঘাটে যাচ্ছিলেন। মাঝপথে স্রোতে নৌকাটি ডুবে যায়। এসময় নৌকায় থাকা বাকিরা সাঁতরে তীরে উঠতে পারলেও সোহেল মিয়া (১৮), এনায়েত উল্লাহ (১৬) ও মাহাবুব নিখোঁজ হন। বৃহস্পতিবার ভোরে জেলেদের জালে মাহাবুবের মরদেহ উঠে আসলে জেলেরা তার বাবার কাছে তা হস্তান্তর করেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম মাদরাসা শিক্ষার্থী মাহাবুবের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। বাকি নিখোঁজদের উদ্ধারে তৎপরতা অব্যাহত আছে বলেও জানান তিনি।