দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরে নৌকায় মাছ শিকারের আড়ালে ইয়াবা ব্যবসায়ী চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ জুলাই) রাতে জেলার রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের মজুমদার বাজারের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৫০০ পিস ইয়াবা উদ্ধার করে রাজৈর থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- রাজৈর উপজেলার বাজিতপুর গ্রামের প্রধান ব্যবসায়ী সুমন হাওলাদারের স্ত্রী টুম্মা বেগম (৩০), একই গ্রামের কালাম খালাসির ছেলে নয়ন খালাসি (২০), নয়ানগর গ্রামের জগিল হাওলাদারের ছেলে অনিক হাওলাদার (২২) ও সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কাঠেরপুল এলাকার নুরুজ্জামান ঘরামীর ছেলে সজিব ঘরামী (২০)।
এ ব্যাপারে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, বাজিতপুরে দীর্ঘদিন ধরে একাধিক টং ঘর ও নৌকায় অভিনব কায়দায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে ইয়াবা ডিলার সুমন হাওলাদার ও তার ভাই সোহেল হাওলাদারসহ তাদের লোকজন। পরে বিষয়টি জানতে পেরে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) এনায়েত করিম ও রিপনসহ সঙ্গীয় ফোর্সদের নিয়ে রাজৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্চয় কুমার ঘোষ অভিযান চালায়। এসময় এক নারী ও ৩ যুবককে ১৫০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তবে মাদক ব্যবসায়ী চক্রের প্রধান দুইজন সুমন ও সোহেল পালিয়ে যায়।
তিনি আরও জানান, তারা মাঝখানে নৌকার মধ্যে থাকে এবং সেখান থেকেই বিক্রি করে। তাদের কাছে যেতে হলে নৌকা নিয়ে যাওয়া লাগে। অপরিচিত কাউকে দেখলেই ইয়াবা পানির মধ্যে ফেলে দেয়। কারণ পানির মধ্যে গলে গেলে ওই মাদক ব্যবহারও করতে পারবে না আর তাদেরকে ধরেও আনতে পারবে না। এজন্য তাদেরকে ধরাও অনেক কষ্টকর। তবে মাদকের ব্যবহারে আমরা একটু বেশিই সোচ্চার। প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হচ্ছে, যেন মাদক না থাকে।
/অ