দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের বাসাইলে লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলগমীর রাসেলের পক্ষ থেকে ঈদসামগ্রী নিতে এসে অসুস্থ হয়ে আমেনা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এসময় প্রচণ্ড রোদে ও গরমে অন্তত আরও পাঁচজন অসুস্থ হয়ে পড়েন।
মঙ্গলবার (৩ জুন) দুপুরে উপজেলার কেন্দ্রীয় খেলার মাঠে ঈদসামগ্রী বিতরণকালে এ ঘটনা ঘটে।
নিহত আমেনা বেগম উপজেলার হাবলা ইউনিয়নের করাতিপাড়া এলাকার মৃত ফারুক আহমেদের স্ত্রী।
জানা গেছে, লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলগমীর রাসেলের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকার চার হাজার হতদরিদ্রের মাঝে ঈদ ঈদসামগ্রী বিতরণের আয়োজন করা হয়। বেলা ১১টা থেকে এসব সামগ্রী বিতরণ শুরু করে কর্তৃপক্ষ। অতিরিক্ত লোকজনের সমাগম ও প্রচণ্ড রোদের মধ্যে বিতরণ করায় বয়স্ক নারী-পুরুষ অস্বস্তিতে পড়েন। এসময় এক বৃদ্ধা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর কিছুক্ষণ পর আরও চার থেকে পাঁচজন নারীকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। তারা বর্তমানে সুস্থ আছেন।
নিহতের ছেলে মো. সুজন বলেন, আমার মায়ের হার্টে সমস্যা ছিল। আমি মাকে সেখানে যাওয়ার জন্য না করেছিলাম। পরে মায়ের মৃত্যুর বিষয়টি মোবাইলের মাধ্যমে হাসপাতাল থেকে জানানো হয়।
ঈদসামগ্রী বিতরণ কার্যক্রমের বাসাইল উপজেলার দায়িত্বে থাকা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম বলেন, ঈদসামগ্রী হাতে নেওয়ার পরপরই এক বৃদ্ধা অসুস্থ হয়ে পড়েন। পরে আমি নিজে ঈদসামগ্রী বিতরণকারী স্বেচ্ছাসেবক টিম নিয়ে হাসপাতালে যাই। অসুস্থদের সুচিকিৎসার ব্যবস্থা করি। নিহতের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করা হবে।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়েছিলাম। কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ বাড়িতে নিয়ে গেছে তার পরিবার।
/অ