দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্রসহ কিশোর অপরাধী দল ‘ডি কোম্পানি’র দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (২৮ মে) বিকেলে আদমজী এলাকায় র্যাব-১১ এর সদরদপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান সংস্থাটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন।
এর আগে বুধবার মধ্যরাতে ফতুল্লার মাসদাইর এলাকার একটি ভাড়াবাসায় অভিযান চালায় র্যাব-১১ এর একটি দল। ওই বাসা থেকে বিক্রয়ের জন্য প্রস্তুত রাখা ১৮ কেজি গাঁজা, ১০১ পুরিয়া হেরোইন, ৪৭৯ পিস ইয়াবা, ২টি ছুরি ও ২টি চাপাতি জব্দ করেছে র্যাব।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: সদর উপজেলার চরকাশীপুর এলাকার প্রয়াত ইমরানের ছেলে বাপ্পী (২৯) এবং পশ্চিম মাসদাইর এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. ইমরান (৩০)।
র্যাব কর্মকর্তা সাজ্জাদ বলেন, তারা দু’জন ‘ডি কোম্পানি’ নামে ফতুল্লা এলাকায় সক্রিয় একটি কিশোর অপরাধী দলের সদস্য। গ্রেপ্তার বাপ্পীর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় দু’টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাও রয়েছে। এ কিশোর অপরাধী দলের সাথে সম্পৃক্ত আরও কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে এবং তাদেরও আইনের আওতায় আনতে র্যাব কাজ করছে বলে জানান এইচএম সাজ্জাদ।
অভিযানে গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফতুল্লা থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
এফএইচ/