দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারের পর তাকে বহনকারী পুলিশের গাড়িতে হামলার ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় স্থানীয় এক সাংবাদিক ও অনলাইন ফুড ব্লগারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলায় সাবেক মেয়র আইভীর মামতো ভাইসহ আত্মীয় স্বজন ও নেতাকর্মীসহ ৫২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও দেড় থেকে দুইশজনকে আসামি করা হয়েছে। এ মামলায় আসামিদের বিরুদ্ধে পুলিশের কাজে বাঁধা দেওয়া, পুলিশের গাড়িতে হামলা এবং পুলিশকে আহত করার অভিযোগ আনা হয়েছে। ঘটনার চারদিন পর সোমবার রাতে সদর মডেল থানায় পুলিশ বাদী হয়ে এ মামলাটি দায়েরের পর পরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।
এ মামলায় হাসিবুর রহমান জিসান, শওকত মিথুন, হানিফ মিয়া নামে তিনজনকে গ্রেপ্তারের পর আদালতে নেওয়া হয়। পরে তাদেরকে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন আদালত পুলিশের পরিদর্শক কাইয়ুম খান ৷
গ্রেপ্তার হওয়ায় হাসিবুর রহমান জিসান স্থানীয় অনলাইন পোর্টাল প্রেস নারায়ণগঞ্জের সংবাদাতা। এছাড়া প্রথম আলো বন্ধুসভার নারায়ণগঞ্জের পরিবেশ ও সমাজসেবা বিষয়ক সম্পাদক ও কিশোর আলোর কন্ট্রিবিউটর। আর শওকত মিথুন সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ফুড ব্লগার হিসেবে পরিচিত।
এ মামলার এজাহারে পুলিশ উল্লেখ করেন, হত্যাসহ একাধিক মামলায় বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ নগরীর দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করতে তার বাড়িতে যায় পুলিশ। এসময় তার কর্মী সমর্থকসহ পুলিশি কাজে বাধা দিয়ে অবরুদ্ধ করে কয়েকটি স্থানে ব্যারিকেট দেয়। পরে প্রায় ছয় ঘণ্টা পর শুক্রবার সকালে তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়ার পথে শহরের বি বি সড়কের গ্রিনলেজ ব্যাংকের সামনে পুলিশের গাড়িতে হামলা করে। এসময় ইট-পাটকেল নিক্ষেপ করলে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমেদ জানান, আইভীকে গ্রেপ্তার অভিযান চলাকালে গ্রেপ্তারকৃতরাসহ অন্যান্য আসামিরা রাতে বিপুল সংখ্যক নারী-পুরুষ জড়ো করে রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরবর্তীতে তারা পুলিশের গাড়িতে হামলা করে পুলিশ সদস্যকে আহত করে।
এদিকে পুলিশের গাড়িতে হামলার সময় ধারণকৃত ভিডিওতে দেখা গেছে, আইভীকে গ্রেপ্তারের পর তাকে বহনকারী পুলিশের গাড়ি বহর শহরের বি বি রোডের গ্রিনলেজ ব্যাংকের সামনে পৌঁছালে মহানগর যুবদলের নেতাকর্মী ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ইটপাটকেল ছুঁড়ে এ হামলা চালায়। এসময় তাদের বাধা দিতে গেলে তারা লাঠি দিয়ে পুলিশ ও আইভী সমর্থকদের আঘাত করে। পরে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী গাড়ি বহর নিয়ে বি বি রোড ত্যাগ করলে হামলাকারীদের দলটি শহরে ঝটিকা মিছিল করে এবং আওয়ামী লীগ ও আইভীর বিরুদ্ধে স্লোগান দেন।
আরএ