দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মঙ্গলবার সকালে এক ব্যতিক্রমী দৃশ্যের অবতারণা ঘটে। ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টারের বিরুদ্ধে গণমাধ্যমে ওঠা অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির সামনে অর্ধশতাধিক ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দা তাদের ক্ষোভ আর অভিযোগ তুলে ধরেন।
সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া গণশুনানিতে একে একে বক্তব্য দেন ক্ষতিগ্রস্ত ব্যক্তি, পরিবার এবং এলাকার প্রবীণরা। তারা রিসোর্টটির বিরুদ্ধে বিভিন্ন সামাজিক ও পরিবেশগত অনিয়ম, দখল ও হয়রানিমূলক আচরণের অভিযোগ উত্থাপন করেন। অনেকে প্রমাণস্বরূপ জমির কাগজপত্র, ছবি ও ভিডিও ফুটেজ উপস্থাপন করেন তদন্ত কমিটির কাছে।
দুপুর ৩টায় ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টারের প্রতিনিধিদল তদন্ত কমিটির সঙ্গে শুনানিতে অংশ নেয়। তারা নিজেদের অবস্থান ব্যাখ্যা করে এবং গণমাধ্যমে প্রচারিত অভিযোগগুলোর বিরুদ্ধে আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশে গত মার্চ মাসের ৫ তারিখে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন।
কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসান খান জানান, আমরা উভয় পক্ষের বক্তব্য শুনেছি। দলিলাদি সংগ্রহ করেছি। সব তথ্য পর্যালোচনার পর প্রতিবেদন তৈরি করে মন্ত্রণালয়ে জমা দেব। মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নেবে, জেলা প্রশাসন তা বাস্তবায়ন করবে।
কমিটিতে পুলিশের প্রতিনিধি ছাড়াও ছিলেন পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফায়ার সার্ভিস এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তারা।
এদিনের গণশুনানি ঘিওরের মানুষের মধ্যে প্রশাসনের প্রতি আস্থা ফিরিয়ে এনেছে বলে জানান স্থানীয়রা। এখন দেখার বিষয়, তদন্ত কমিটির রিপোর্টে কী উঠে আসে এবং মন্ত্রণালয় কী সিদ্ধান্ত নেয়।
আরএ