দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতির কাছে ক্ষমা চেয়ে জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছেন খুলনার তিন প্রবীণ নেতা। শনিবার (১২ এপ্রিল) খুলনা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগকারীরা হলেন— জাতীয় পার্টির সাবেক এমপি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল গফফার বিশ্বাস, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও মহানগরের সাবেক সাধারণ সম্পাদক মোল্লা শওকত হোসেন বাবুল ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এস এম মাসুদুর রহমান।
এই তিন নেতা বলেন, আওয়ামী লীগ ঘনিষ্ঠতার কারণে জাতীয় পার্টিতে তাদের গুরুত্ব হারায়। যদিও গত বছরের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রওশন এরশাদ অনুসারীরা ঘোষিত কমিটিতে তাদের নাম ছিল, তবে তাতে কোনো সক্রিয় দায়িত্ব পাননি তারা।
সংবাদ সম্মেলনে তারা আরও বলেন, রাজনীতিতে শুদ্ধতা ফিরিয়ে আনতেই আমাদের পদত্যাগ। আমরা ভুলের দায় স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাইছি। এমন একটি রাষ্ট্র চাই, যেখানে জনগণের কাঁধে আর কোনো স্বৈরশাসক চেপে বসতে না পারে।
নতুন রাজনৈতিক দলে যোগদানের বিষয়ে তারা বলেন, আপাতত এমন কোনো সিদ্ধান্ত নেই। তবে রাজনীতি একটি চলমান প্রক্রিয়া—সময় হলে জানানো হবে।
তিনি আরও বলেন, আবদুল গফফার বিশ্বাস এর আগেও বিএনপি ও জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেন। এ বিষয়ে তিনি বলেন, ‘অপারেশন ক্লিন হার্টের সময় আমি বিএনপির সহ-সভাপতি ছিলাম। নির্যাতন-হত্যার প্রতিবাদে সেদিন সরে দাঁড়াই। পরে জাতীয় পার্টি যখন ভুল পথে হাঁটে, তখনও আমি নিজেকে গুটিয়ে নিই।
আব্দুল গফফার বিশ্বাস বলেন, স্বৈরাচার হাসিনা সরকারের সঙ্গে সহযোগী হিসেবে কাজ করেছে জাপা। যাতে তৃণমূলের নেতাকর্মীদের কোনো সায় ছিল না। দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে থেকে অনুগত বিরোধী দলের ভূমিকা পালন করে দোসর হিসেব চিহ্নিত হয়েছে। এমনকি রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা গ্রহণ করে ব্যক্তিগত আখের গোছানোর কাজটি করেছেন। দেশের পট পরিবর্তনের পর আমরা চেয়েছিলাম দলের শীর্ষনেতৃবৃন্দ জাতির কাছে ক্ষমা চাইবেন, কিন্তু সেটি হয়নি।
উল্লেখ্য, গত দেড় দশক ধরে গফফার বিশ্বাস খুলনার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন, যার মধ্যে রয়েছে মোটর বাস মালিক সমিতি ও নিউ মার্কেট দোকান মালিক সমিতি। অপরদিকে মাসুদুর রহমান দীর্ঘদিন সরকারি আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন।
আরএ