দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অনিয়মের অভিযোগে দিনাজপুরের ফুলবাড়ীতে জনগণের তোপের মুখে গরু বিতরণ কার্যক্রম স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক অয়োজিত ক্ষুদ্র নৃ–গোষ্ঠীদের মধ্যে বকনা বাছুর ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
জানা গেছে, প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক উত্তরাঞ্চলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে বকনা গরু বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রাণিসম্পদ অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী দেড় বছর বয়সী ১০০ কেজি ওজনের গরু দেওয়ার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান জেনটেক ইন্টারন্যাশনাল গরু নিয়ে আসেন ৬০-৬৫ কেজি ওজনের। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে গরু বিতরণ কার্যক্রম স্থগিত করা হয়।
জেনটেক ইন্টারন্যাশনাল কোম্পানি ফ্যাসিবাদ সরকারের আমলে এই প্রকল্পের দায়িত্ব পান। যা ২০২৬ সাল পর্যন্ত চলমান থাকবে। সে কারণে এখন পর্যন্ত এই প্রকল্পের গরু সাপ্লাইয়ের দায়িত্বে রয়েছেন ওই কোম্পানিটি।
গরু নিতে আসা সুফলভোগী কয়েকজন বলেন, ‘আমরা গরু নিতে এসে শুনি, যেসব গরু আমাদের দেওয়ার কথা, সেগুলোর ওজন কম, গরুগুলো দেখতেও তেমন ভালো মনে হচ্ছে না। আমরা এমন গরু নিতে চাই না।’
ঠিকাদারের প্রতিনিধি সরবরাহকারী ওমর ফারুক বলেন, ‘কোম্পানি এসব গরু কিনেছে, সরবরাহের জন্য প্রাণিসম্পদ কর্মকর্তাকে বুঝিয়ে দিতে এসেছি। আমাদের যেভাবে গরু আনতে বলেছে, আমরা সেভাবে এনেছি, এর বেশি কিছু জানি না।’
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সারোয়ার হোসেন বলেন, ‘অভিযোগের ভিত্তিতে যাচাই–বাছাই করে দেখেছি। টেন্ডার অনুযায়ী উপযুক্ত গরু না পাওয়ায় বিতরণ কার্যক্রম স্থগিত করেছি। তবে বরাদ্ধ করা ২৫ কেজি করে ফিড বিতরণ করা হয়েছে। সমস্যার কারণে গরুগুলো ফেরত দেওয়া হচ্ছে, পরে বিষয়টি দেখা হবে।’
আরএ