দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুর জেলা জজ আদালত চত্বর থেকে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক পিপি ও জিপিসহ আওয়ামী লীগের ৫ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় তাদের ওপর হামলা করে বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা। গত ১৮ অক্টোবর দায়ের হওয়া একটি মামলায় তাদেরকে রোববার (২ মার্চ) দুপুরে নাশকতা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক জিপি এম মতিউর রহমান, সাবেক পিপি খান মো. আলাউদ্দিন, সাবেক জিপি শহিদুল হক খান পান্না, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা ইরতিজা হাসান রাজু। এদের মধ্যে আলাউদ্দিন একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতন হওয়ার পর গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা দায়ের হয়। সেই মামলাগুলোতে উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিল গ্রেপ্তারকৃতরা। পরবর্তীতে রোববার সকালে জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেছিলেন তারা। তবে উচ্চ আদালত থেকে প্রাপ্ত জামিনের মেয়াদ এখনও শেষ না হওয়ায় আদালত জামিন শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করে।
তবে আদালতে তাদের উপস্থিতি টের পেয়ে ভিড় করতে থাকে বিএনপির নেতাকর্মীরা। এ সময় তাদের গ্রেপ্তারের দাবিতে আদালত প্রাঙ্গনে মিছিল করে ছাত্রদল। তবে তারা আদালত থেকে বের হওয়ার সময় বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর হামলা করে। এ সময় পুলিশ তাদেরকে সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
গ্রেপ্তারকৃত ৫ জনের মধ্যে আলাউদ্দীন একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এবং অন্য ৪ জনকে একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।
আরএ