দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনী-সোনাগাজী আঞ্চলিক সড়কে কাভার্ডভ্যান-সিএনজি অটোরিকশার সংঘর্ষে চট্টগ্রামের এক ক্ষুদ্র ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় সিএনজিতে থাকা আরও ৩ জন গুরুতর আহত হন। রোববার (২ ফেব্রুয়ারি) সকাল সাতটার দিকে লক্ষিপুর পুরাতন রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।
নিহত নিজাম উদ্দিন (৪৫) ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের দ. মঙ্গলকান্দি গ্রামের মৃত নুরুল হক সর্দারের ছেলে। আহতরা নিহতের স্ত্রী ও সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে ফেনী-সোনাগাজী সড়কের পুরাতন রাস্তার মাথায় লক্ষ্মীপুর সড়কে সিএনজি অটোরিকশাটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান সেটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা ব্যবসায়ী নিজাম উদ্দিন নিহত হয়। অটোরিকশায় থাকা তার স্ত্রী ও দুই সন্তানও গুরুতর আহত হয়। আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য নেওয়া হয়।
নিহতের ছোট ভাই নজরুল ইসলাম রাজু জানান, নিজাম উদ্দিন মুদি ব্যবসায়ী ছিলেন। দুই দিন আগে চট্টগ্রাম থেকে সোনাগাজীতে অসুস্থ শ্বশুরকে দেখতে এসেছিলেন। সকালে পরিবার নিয়ে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে সিএনজিচালিত অটোরিকশা করে লালপুল যাচ্ছিলেন। পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে। তার এমন মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। কেউ এ মৃত্যু মেনে নিতে পারছেন না।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন্দ জানান, সকাল সাতটার দিকে লক্ষিপুর পুরাতন রাস্তার মাথায় একটি কাভার্ডভ্যান-সিএনজি অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হন। এ সময় আরও ৩জন আহত হন। তাদেরকে চিকিৎসা দিতে ফেনী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
/অ