দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগস্টের ভয়াবহ বন্যায় ফেনীতে ক্ষতিগ্রস্থ শিল্প মালিকদের সংবাদ সম্মেলনে তাদের কারখানায় উৎপাদন অব্যাহত রাখার স্বার্থে প্রণোদনা প্রদান, পুরণো ঋণ মওকুফ ও স্বল্পসুদে নতুন ভাবে ঋণ প্রদানের দাবি জানানো হয়েছে। অর্থসহ নানা সংকটে কারখানা বন্ধ হয়ে গেলে কর্মরত ৪ হাজার শ্রমিকের জীবিকা নিয়ে শংকা দেখা দেবে।
সোমবার (২ ডিসেম্বর) বিকেলে ফেনী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের প্রতি এ দাবি জানানো হয়।
লিখিত বক্তব্যে ফেনী বিসিক শিল্প মালিক সমিতির সহ-সভাপতি মাঈন উদ্দিন আহমেদ কামরান বলেন, গত ২০ আগস্ট ফেনীতে যে ভয়াবহ বন্যা দেখা দেয় সে সময় বিসিক শিল্প নগরীর সবগুলো কারখানা ৫ ফুট পানির নিচে তলিয়ে যায়। এক সপ্তাহ এ অবস্থা স্থায়ী থাকার কারণে কারখানার যন্ত্রপাতি, কাঁচামাল ও উৎপাদিত মালামাল সব নষ্ট হয়ে যায়। এতে শুধু বিসিক শিল্প নগরীতে কারখানা মালিকদের ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। বন্যার পরে পানিতে ডুবে যাওয়া যন্ত্রপাতি মেরামত করে কোনো ভাবেই উৎপাদন পূর্বের মতো করা যাচ্ছে না। এতে মালিকরা প্রতিনিয়ত ক্ষতিগ্রস্থ হচ্ছে।
ফেনীর চাড়িপুর বিসিক শিল্প নগরীতে বর্তমানে চলমান ৩৭টি কারখানায় ৪ হাজারেরও বেশি শ্রমিক কর্মরত রয়েছে। তাদের বেতন-ভাতা পরিশোধে মালিক পক্ষ হিমশিম খাচ্ছে। এমতাবস্থায় শিল্প মালিকরা বকেয়া ঋণ মওকুফ, স্বল্পসুদে নতুন করে ঋণ প্রদান ও সরকারের পক্ষ থেকে প্রণোদনার দাবি জানায়। না হলে এসব কারখানায় উৎপাদন শংকার মধ্যে পড়বে, সংকটে পড়বে শ্রমিকদের জীবিকা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেনী চেম্বার অব কমার্সের পরিচালক জালাল উদ্দিন বাবলু, বিসিক শিল্প নগরীর কোষাধ্যক্ষ ও সেরা ফুড ইন্ডাস্ট্রির পরিচালক আতাউর রহমান টিটু, পরিচালক মো. সালাহ উদ্দিন শামীম, ফেনী দাওয়াখানার পরিচালক আতিকুল আলম প্রমুখ৷
সংবাদ সম্মেলনে কারখানা মালিকরা আরও উল্লেখ করেন, বন্যার কারণে প্রাতিষ্ঠানিক ক্ষয়ক্ষতির বিবরণ ও কারখানা বাঁচাতে প্রণোদনা চেয়ে প্রধান উপদেষ্টার নিকট লিখিত আবেদন পাঠানো হয়েছে। আবেদনের অনুলিপি বাণিজ্য উপদেষ্টা, শিল্প উপদেষ্টা, অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংক গভর্নরের কাছে পাঠানো হয়েছে। চার মাস পার হয়ে গেল এ বিষয়ে কোন আশার বাণী পাওয়া যায়নি।
এফএইচ