দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাগেরহাটের কচুয়ায় হতদরিদ্র ভোক্তাদের উপর আর্থিক চাপ কমাতে বিনা লাভের দোকান শুরু করেছে চলো পাল্টাই নামের একটি স্বেচ্ছাসেবি সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা।
শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজারের পরিত্যক্ত যাত্রী ছাউনিতে আলু, পেঁয়াজ, ডালসহ বিভিন্ন পণ্যের পসরা নিয়ে বসেন স্বেচ্ছাসেবককরা। বিভিন্ন স্থান থেকে আসা স্বল্প আয়ের মানুষেরা তাদের পছন্দের পণ্য কিনতে ভিড় জমান। স্বেচ্ছাসেবকদের কাছ থেকে পণ্য কিনে স্বস্তিতে ফিরে যাচ্ছেন নিজ বাড়িতে। স্বল্প মূল্যে পণ্য কিনতে পেরে খুশি তারা।
নুরুল হক নামের এক ক্রেতা বলেন, আসলে দিন দিন বিভিন্ন পণ্যের দাম যেভাবে বাড়ছে, তাতে আমাদের খুব কষ্ট হয়। এই দোকান থেকে কম দামে আলু, পেঁয়াজ, ডাল ও মিষ্টি কুমড়া কিনলাম। বেশ উপকার হয়েছে।
সোনাম উদ্দিন শেখ নামের আরেক ক্রেতা বলেন, এই ধরণের উদ্যোগ সাধারণ মানুষের জন্য খুবই উপকারী। এটা যদি নিয়মিত থাকত তাহলে অনেক ভাল হত।
এদিকে এমন উদ্যোগের খবরে বিকেল সাড়ে চারটার দিকে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ বিনা লাভের দোকান পরিদর্শন করেন। উদ্যোক্তাদের ধন্যবাদ জানান।
এদিন খোলা বাজারের ৭৫ টাকার আলু, ৬৮ টাকায়, ১২০ টাকা কেজির কাচা মরিচ ৯০ টাকায়, ১১০ টাকার ভারতীয় পেয়াজ ৯০ টাকায় বিক্রি করা হয়েছে। এছাড়া মিষ্টি কুমড়া, লাউ, মুলা, চালকুমড়া, লাল শাকসহ বিভিন্ন পণ্য বাজার দরের থেকে কেজিতে ১০-২০ কমে বিক্রি করেছেন চলো পাল্টাইয়ের স্বেচ্ছাসেবকরা। সন্ধ্যা পর্যন্ত প্রায় ২ শতাধিক ক্রেতা এখান থেকে বিনামূল্যে পণ্য ক্রয় করেছেন।
চলো পাল্টাই সংগঠনের সভাপতি সরদার এনামুল হক শিমুল বলেন, সাধারণ মানুষের কষ্ট কিছুটা লাঘবের জন্য আমরা এটা করেছি। এখন থেকে প্রতি শুক্রবার আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। ভবিষ্যতে আরও বড় পরিসরে বিনা লাভের পণ্য বিক্রি করা হবে বলে জানান চলোপাল্টাই‘র সভাপতি।
এফএইচ