দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরার শ্যামনগরে বাসের চাপায় শাহিনুর রহমান (৩৬) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা মোটরসাইকেল আরোহী রবিউল ইসলাম (৪২) মারাত্মক আহত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেল ৩টায় কালীগঞ্জ-শ্যামনগর মহাসড়কের খানপুরের চালতেঘাটা এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিনুর উপজেলার গাবুরা ইউনিয়নের গাইন বাড়ি গ্রামের বারিক গাজীর ছেলে। সে পেশায় ভাড়ায় মোটরসাইকেল চালক বলে জানা গেছে। আহত রবিউল ইসলাম একই ইউনিয়নের মধ্য খলিশাবুনিয়া গ্রামের লোকমান কাগুজির ছেলে।
স্থানীয়দের বরাতে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির মোল্যা জানান, বিকেলে মোটরসাইকেল ভাড়ায় গাবুরা থেকে রবিউল ইসলামকে নিয়ে সাতক্ষীরায় যাচ্ছিলেন শাহিনুর। এ সময় পাবনা থেকে ছেড়ে আসা বিপরীতগামী যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন শাহিনুর ও রবিউল। পরে তাদের উদ্ধার করে প্রথমে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক শাহিনুরকে মৃত ঘোষণা করেন।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসক জানান, দুর্ঘটনায় শাহিনুরের ডান পায়ের হাড় ভেঙে বেরিয়ে যায়। এছাড়া দেহের বিভিন্ন অংশ বাস চাপায় থেঁতলে যায় এবং দেহের অভ্যন্তরে রক্তক্ষরণ হয়।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির মোল্যা বলেন, দুর্ঘটনায় শাহিনুর গুরুতর আহত হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়াও এই ঘটনায় রবিউল ইসলাম নামে আরো একজন মারাত্মক আহত হয়। এ ঘটনায় চালক বা হেলপারকে আটকের চেষ্টা চলছে। তিনি জানান, খবর পাওয়া গেছে দুর্ঘটনাকবলিত বাস কালীগঞ্জ বাস মালিক সমিতির আওতায় রয়েছে ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নেওয়ার চেষ্টা চলছে।
এফএইচ