দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার মদনে নূরুল আলম কামাল মন্ডল নামে এক কৃষকলীগ নেতার বিরুদ্ধে দলীয় প্রভাবে জোর করে গ্রামের এক ব্যক্তির জমি দখল ও ঘর পোড়ানোর অভিযোগ উঠেছে।
কয়েকজন আওয়ামী লীগ নেতাকে সঙ্গে নিয়ে ২০১৮ সালে জমি দখল ও ঘর পোড়ান ওই কৃষকলীগ নেতা।
গত রোববার উপজেলা সহকারী কশিশনার (ভূমি) বরাবর এমন অভিযোগ করেন উপজেলার গোবিন্দশ্রী গ্রামের মো. আলীমুল্লাহ নামে এক ভুক্তভোগী।
মঙ্গলবার (২৯ অক্টোবর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজোয়ান ইফতেখার অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযুক্ত নূরুল আলম কামাল মন্ডল উপজেলার গোবিন্দশ্রী গ্রামের আব্দুল মান্নানের ছেলে ও মদন উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক।
অভিযোগে আলীমুল্লাহ বলেন, ২০১৮ সালের ১৬ জানুয়ারি সন্ধ্যায় দলীয় প্রভাবে গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে সেন্টু, মন্টু, পিন্টু ও মৃত ফজলুল হক মজুমদারের ছেলে মাহবুব হক মজুমদারকে সঙ্গে নিয়ে আমার বাবার তৈরি কাঠের দোতলা ঘরটি আগুনে পুড়িয়ে দেয় কৃষকলীগ নেতা কামাল মন্ডল। ঘর পুড়িয়ে দেওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছি। কিন্তু দলের প্রভাবশালী নেতা হওয়ায় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। একই বছরে আমাদের থেকে ১০ শতাংশ জমি কিনে দলীয় প্রভাবে জোর করে আরও ৫২ শতাংশ জমি দখল করে নেয়। দখলের অভিযোগ দিয়েও তখন কোনো প্রতিকার পাইনি। সেই থেকে আজ অবধি তাদের দখলে রয়েছে। অভিযোগে তিনি দখলকৃত জমির দাগ-খতিয়ানসহ বিস্তারিত তথ্য উল্লেখ করেছেন।
যেহেতেু এখন আওয়ামী লীগ ক্ষমতায় নেই, তাই পরিবির্তত পরিস্থিতিতে ন্যায় বিচারের আশায় তিনি অভিযোগ করেছেন বলে জানান ভুক্তভোগী আলীমুল্লাহ। পাশাপাশি কৃষকলীগ নেতা কামাল মন্ডলসহ তার সহযোগীদের বিচার দাবি করেন তিনি।
এ বিষয়ে অভিযুক্ত কৃষকলীগ নেতা নূরুল আলম কামাল মন্ডল বলেন, অভিযোগটি সঠিক নয়।
এ বিষয়ে মদন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজোয়ান ইফতেখার জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। সংশ্লিষ্ট ইউনিয়নের নায়েবকে তদন্ত করে প্রতিবেদনের দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এরআগে গত ৪ সেপ্টেম্বর গোবিন্দশ্রী গ্রামের প্রতিবেশী খায়রুল ইসলাম নামে এক ব্যক্তির নাম ব্যবহার করে মদনের ইউএনও’র বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর একটি অভিযোগ দায়ের করেন কৃষকলীগ নেতা কামাল মন্ডল। খায়রুল ইসলাম চট্টগ্রামে দিনমজুরের কাজ করেন। এলাকায় এসে ঘটনা জানতে পেরে উল্টো কামাল মন্ডলের বিরুদ্ধে অভিযোগ করেন। এ বিষয়ে ‘ইউএনওকে ফাঁসাতে গিয়ে ফাঁসলেন কৃষকলীগ নেতা’ শিরোনামে দেশটিভি অনলাইনসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এবার সেই কামাল মন্ডলের বিরুদ্ধে গ্রামের মো. আলীমুল্লাহ নামে এক ব্যক্তি ঘর পেড়ানো, তার পৈত্রিক বাড়ি দখল ও জমি দখলের অভিযোগ করেছেন।
আরএ